২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংসদ লাঞ্ছিত: জামায়াতের ২২ নেতাকর্মী গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়ায় ধর্মীয় অনুষ্ঠানে স্থানীয় সাংসদকে ‘লাঞ্ছিত’ করা ও তার ওপর হামলার ঘটনায় ২২ জামায়াত-শিবির নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2014, 12:48 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

শুক্রবার রাতে ওই ঘটনার পর রাতভর চুনতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

পাশাপাশি এ ঘটনায় পুলিশ বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।

লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জামায়াত-শিবির কর্মীরা সাংসদের ওপর হামলা চালিয়ে তাকে অবরুদ্ধ করে রাখে। পুলিশ সাংসদকে উদ্ধারে গেলে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পুলিশের ওপর হামলা চালায়।

“এ ঘটনায় হত্যা চেষ্টা মামলা করার প্রস্তুতি চলছে।”

ওসি শাহজাহান বলেন, রাতে ঘটনাস্থলের আশেপাশে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত।

গত শুক্রবার রাতে লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের শাহ মঞ্জিলের ১৯ দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিলের সমাপনী দিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে যান সাতকানিয়া-লোহাগাড়া আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী।

অনুষ্ঠানে সাংসদ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে বক্তব্য রাখতে শুরু করলে তাকে লক্ষ্য করে জুতা ও ইট-পাটকেল নিক্ষেপ করে স্থানীয় জামায়াত-শিবির নেতাকর্মীরা।

এসময় মাহফিলে উপস্থিত কয়েকজন স্থানীয় ধর্মীয় নেতাকেও ‘লাঞ্ছিত’ করার অভিযোগ রয়েছে।

আয়োজকদের সহযোগিতায় মসজিদে আশ্রয় নিলে পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা করে। তবে জামায়াত-শিবির কর্মীরা তাতে বাধা দেয়ার চেষ্টা করে।

পরে রাত ১২টার দিকে সাংসদকে উদ্ধার করে পুলিশ।

গত ৫ জানুয়ারির নির্বাচনে সাতকানিয়া-লোহাগাড়া আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সাংসদ নির্বাচিত হন নদভী।