২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতে হাতে বই, চোখে মুখে উল্লাস

ভূতের গল্প আর ‘সায়েন্স ফিকশন’ পড়তেই পছন্দ করতো সপ্তম শ্রেণীর ছাত্রী নওরীন। গত বছর বিশ্বসাহিত্য কেন্দ্রের সদস্য হওয়ার পর টঙ্গীর আমজাদ আলী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষার্থীর পড়ার অভ্যাসও বদলে গেছে।

নিজস্ব প্রতিবেদক

প্রশান্ত মিত্র

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2014, 12:15 AM

Updated : 01 Sep 2026, 12:20 PM

ভূতের গল্প ও বৈজ্ঞানিক কল্পকাহিনীর পাশাপাশি গত এক বছরে সে পড়েছে সাহিত্য, অনুবাদ, রূপকথাসহ বিভিন্ন ধরনের দশটি বই।

আর এজন্য নওরীন স্কুলের পড়ায় ফাঁকি দেয়নি মোটেও। ক্লাসের ৮৪ জন শিক্ষার্থীর মধ্যে তার অবস্থান দ্বিতীয়।

নওরিনের মতো প্রায় ৬ হাজার শিক্ষার্থী শুক্রবার জড়ো হয়েছিল রমনার বটমূলে, যারা সবাই গতবছর বিশ্বসাহিত্য কেন্দ্রের বই বইপড়া কর্মসূচিতে অংশ নিয়েছে।

বিশ্বসাহিত্য কেন্দ্রের ত্রয়োদশ পুরস্কার বিতরণী উৎসবে এই শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়েছে বই দিয়েই।

শুভেচ্ছা পুরস্কার জেতার পর ঢাকার সাভার ক্যান্টমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র সাইরাজ আশহাবুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, গতবছর সে পড়েছে ১৬ টি বই। জীবনে প্রথম কোনো পুরস্কার পেয়ে তার খুবই ভাল লাগছে।

অবশ্য পাঠ্যপুস্তকের বাইরে ‘অন্য বই’ পড়ার বিষয়টিকে সব অভিভাবক যে খুব ভালভাবে দেখেন না,  তা উঠে এলো হলিক্রস গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী এবং ‘অভিনন্দন পুরস্কার’ বিজয়ী সামিয়া মনজুরের কথায়।

“আমি ক্লাস সিক্স থেকে বিশ্বসাহিত্য কেন্দ্রের সদস্য। এই নিয়ে তিনবার উৎসবে এলাম। বাইরের বই পড়ার বিষয়ে শুরু থেকেই বাবা আমাকে উৎসাহ দিতেন এখনো দেন। তবে প্রথমদিকে মা বাধা দিতেন। তার আশঙ্কা ছিল স্কুলের পরীক্ষায় রেজাল্ট খারাপ হতে পারে।”

সে সময় সামিয়াকে লুকিয়েও বই পড়তে হয়েছে। তবে পরীক্ষার ফলাফল ‘ঠিকঠাক’ থাকায় মা আর বাধা দেননি।

ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী চান্দ্রেয়ী পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “আসলে অভিভাবকরা বোঝেন, এটা সবচেয়ে সুস্থ ‘এন্টারটেইনমেন্ট’। তাই প্রথম দিকে আপত্তি করলেও পরে তারা মেনে নেন।”

এবারের উৎসবে অংশ নেয়া ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীর সংখ্যাই দেখা গেল বেশি।

বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরীফ মো. মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১৩ সালে বইপড়া কর্মসূচির মাধ্যমে ঢাকা মহানগরী ও তার আশেপাশের ৭২টি স্কুলের পাঁচ হাজার ৭০৩ জন শিক্ষার্থীর হাতে তারা পুরস্কার তুলে দিয়েছেন এ অনুষ্ঠানের মাধ্যমে।

শিশু-কিশোরদের হাতে বিনামূল্যে বই তুলে দেয়া ও বই পড়ার প্রতি উৎসাহ জাগাতে প্রতিষ্ঠার পর থেকে প্রায় ৩৫ বছর ধরে বিশ্ব সাহিত্যকেন্দ্র স্কুল ও কলেজভিত্তিক এ কার্যক্রম চালিয়ে আসছে।

শরীফ বলেন, প্রতিবছর প্রতিটি ক্লাসের জন্য ১৬ থেকে ২০টি বইয়ের একটি তালিকা তৈরি করা হয়, তার ভিত্তিতেই বই দেয়া হয়। বছর শেষে হয় একটি পরীক্ষা। পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে স্বাগত, শুভেচ্ছা ও অভিনন্দন- এই তিন গ্রেডের পুরস্কার দেয়া হয়।

তিনি জানান, ১৩ বছর ধরে ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় নিয়মিতভাবে পুরস্কার বিতরণী উৎসব আয়োজন করছে বিশ্বসাহিত্য কেন্দ্র। আর শুরু থেকেই এই উৎসব আয়োজনে সহযোগিতা করে আসছে গ্রামীণ ফোন। অন্য বছর শুধু অর্থ সহযোগিতা দিলেও এবার অর্থ ও বই দুটোই দিচ্ছে তারা।

গ্রামীণ ফোনের হেড অব কর্পোরেট কমিউনিকেশন সৈয়দ তাহমিদ আজিজুল হক বলেন, “বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির সাথে সম্পৃক্ত থাকতে পেরে গ্রামীণ ফোন অত্যন্ত আনন্দিত। এই কর্মসূচিতে গ্রামীণ ফোনের সহযোগিতা অব্যাহত থাকবে।”

শিশুদের বই পড়ায় উৎসাহ দেয়ার জন্য পুরস্কার বিতণীর আগে উদ্দীপনামূলক বক্তব্য দেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আব্দুল্লাহ আবু সায়ীদ, মুহাম্মদ জাফর ইকবাল, শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, জাদুশিল্পী জুয়েল আইচ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব খন্দকার মোহাম্মদ আসাদুজ্জামান, নাট্য ব্যক্তিত্ব খায়রুল আলম সবুজ এবং কথা সাহিত্যিক আনিসুল হক।

অনুষ্ঠান শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আব্দুল্লাহ আবু সায়ীদ বলেন, “আমার সব সময় মনে হয়, একটা জাতির বিকশিত হওয়ার জন্য ‘এনলাইটমেন্ট’ প্রয়োজন। জ্ঞান ব্যতিত ‘এনলাইটমেন্ট’ সম্ভব না। আর জ্ঞানের বাহন হল বই।”