২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুক্তরাষ্ট্রের গণতন্ত্রও কি গোঁজামিলের’

জাতীয় পার্টির একইসঙ্গে সরকার ও বিরোধীদলে থানা নিয়ে বিএনপির সমালোচনার জবাবে দলটিকে যুক্তরাষ্ট্রের সরকার সম্পর্কে ‘খোঁজ-খবর’ নেয়ার পরামর্শ দিয়েছে প্রবাসী বাংলাদেশের একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2014, 11:30 PM

Updated : 01 Sep 2026, 12:20 PM

‘ইউএস কমিটি ফর সেক্যুলার ডেমোক্র্যাটিক বাংলাদেশ’ নামের এই সংগঠনের সভাপতি ড. নুরুন্নবী ও সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী শুক্রবার ওয়াশিংটনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে তাদের বক্তব্য তুলে ধরেন।

প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের উদাহরণ টেনে নুরুন্নবী বলেন, “মার্কিন সরকারেও বিরোধী রিপাবলিকান দলের মন্ত্রী রয়েছেন। সেটা যদি ‘জগাখিচুরি মার্কা প্রশাসন’ বা ‘গোঁজামিলের গণতন্ত্র’ না হয়, তাহলে বাংলাদেশের নবনির্বাচিত সরকারকে কেন এ ধরনের অপবাদ দেওয়া হচ্ছে?”

প্রেসিডেন্ট বারাক ওবামার মন্ত্রিসভায় প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বে আছেন রিপাবলিকান পার্টির অন্যতম শীর্ষ সংগঠক এবং সাবেক সিনেটর চাক হেগেল।

রিপাবলিকান পার্টির নেতা রে লাহুদ ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ওবামা সরকারের পরিবহনমন্ত্রী ছিলেন।

এছাড়া রিপাবলিকান পার্টির কট্টর সমর্থক জন এম ম্যাকহাগও সেক্রেটারি অব আর্মির দায়িত্ব পালন করেছেন।

নুরন্নবী বলেন, মন্ত্রীর দায়িত্ব পেয়ে এরা কেউই রিপাবলিকান পার্টির সঙ্গে সম্পর্কচ্ছেদ করেননি।

যারা বাংলাদেশের সরকারে জাতীয়পার্টির একইসঙ্গে মন্ত্রিসভা ও বিরোধী দলে থাকা নিয়ে প্রশ্ন তুলছেন- তাদের উদ্দেশ্যে জাকারিয়া চৌধুরী বলেন, “সম্প্রতি জার্মানিতেও এমন ঘটনা ঘটেছে। তাহলে শেখ হাসিনার মন্ত্রিসভার সমস্যা কোথায়?”

জাতীয় পার্টির কয়েকজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করে বাংলাদেশ সরকার ‘গণতন্ত্রের ইতিহাসে এক অনন্য অধ্যায়’ সংযোজন করেছে বলেও মন্তব্য করেন তিনি।