পাবনায় ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার
পাবনা সদরের বালিয়াহালট এলাকায় ডোবা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকালে আতাইকুলা থানার বিলকুলা গ্রামের নায়েব আলী মাষ্টারের ছেলে মাসুদ রানার (২২) লাশ পাওয়া যায়।
স্থানীয়দের দাবি, পুলিশ দেখে পালাতে দিয়ে ডোবায় পড়ে চার দিন আগে নিখোঁজ হয়েছিলেন রানা। তবে, পুলিশ তা নিশ্চিত করেনি।
পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম জানান, শহরের বালিয়াহালট এলাকার রাস্তার পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন বিশ্বাস জানান, চার দিন আগে মঙ্গলবার রাত ৮টার দিকে পাবনা গোয়েন্দা পুলিশের একটি দল ওই জায়গায় অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে আটক করে।
আটক ব্যক্তির চাচাতো ভাই মাসুদ রানা গোয়েন্দা পুলিশের হাত থেকে বাঁচতে কচুরিপানায় ভরা ওই ডোবায় ঝাঁপ দেন।
গোয়েন্দা পুলিশের দলটি ঘণ্টাখানেক সেখানে থাকার পর ফিরে যায়।
এ ব্যাপারে পাবনা গোয়েন্দা পুলিশের ওসি ছকির উদ্দিন জানান, সেখান থেকে তাদের একটি টিম ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছিল।
তবে নিহত এই ব্যক্তির সম্পর্কে তিনি কিছুই জানেন না বলে দাবি করেন।
