জামায়াত-হেফাজত প্রতিরোধের আহ্বান
জামায়াত ও হেফাজতকে এখনই রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ঘাতক দালাল নির্মুল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির।
শুক্রবার যশোরের অভয়গরে এক সমাবেশে তিনি বলেন, জামায়াত-হেফাজত যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে, আর বিএনপি ও মধ্যপ্রাচ্য যেভাবে তাদের সমর্থন দিচ্ছে তা রুখে দাঁড়াতে না পারলে বাংলাদেশের গৌরবময় মুক্তিযুদ্ধ, স্বাধীনতা কিছুই থাকবে না।
“২০১৩ সাল ছিল তাদের (জামায়াত-হেফাজত) জন্য অ্যাসিড টেস্ট। তারা জানিয়ে দিয়েছে তারা কত বড় শক্তি। তাদের আর উপেক্ষা করা যাবে না,” বলেন তিনি।
তিনি বলেন, এটা অব্যাহত থাকবে যতদিন না প্রতিরোধ গড়ে তোলা হবে।
তৃণমূলে সামাজিক সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তোলার উপর জোর দেন এই সাহিত্যিক ও সংস্কৃতিকর্মী।
তিনি বলেন, দেশে ‘৪০ হাজার কওমি মাদ্রাসায় ৫২ লাখের বেশি’ ছাত্র-ছাত্রী লেখাপড়া করে। তাদের উপর সরকারের নিয়ন্ত্রণ নেই। এদিকে, স্বল্প সংখ্যক পুলিশ দিয়েও জামায়াত-হেফাজত নিয়ন্ত্রণ সম্ভব নয়।
এজন্য আরো অন্তত একলাখ পুলিশ নিয়োগ দেয়া দরকার বলে তিনি মনে করেন।
সকালে অভয়গর উপজেলা পরিষদ মিলনায়তনে এক সুধী সমাবেশে বক্তব্য রাখেন শাহরিয়ার কবির।
পরে তিনি ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে নির্বাচন পরবর্তী সহিংসতায় যশোরের মনিরামপুরে হরিদাসকাটি ইউনিয়নের হাজরাইল গ্রামে ধর্ষণের শিকার দুই গৃহবধূ ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
এ সময় ওই দুই গৃহবধূর ন্যায়বিচার নিশ্চিত করতে নির্মূল কমিটি সবধরনের সহায়তা দিয়ে তাদের পাশে থাকবে বলে ঘোষণা দেন তিনি।
এ সময় স্থানীয় মন্দির মাঠে সমবেত গ্রামবাসীদের উদ্দেশে শাহরিয়ার কবির বলেন, হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকলের রক্তে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই কোনো ধর্মীয় সংখ্যালঘুদের দেশ ছেড়ে যাবার দরকার নেই। যারা ভোট আর সম্পত্তির লোভে ধর্মীয় সংখ্যালঘুদের দেশছাড়া করতে চায়, তাদেরই দেশছাড়া করতে হবে।
তিনি দাবি করেন, ধর্মীয় সংখ্যালঘুরা চাকরি, ব্যবসা, লেখাপড়া সবক্ষেত্রেই বৈষম্যের শিকার।
এই বৈষম্য নিরসনের জন্য সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং ‘এন্টি কমিউনাল ল’ করার দাবি জানান।
দুপুরে নির্মূল কমিটির সদস্যরা যান শ্যামকুড় ইউনিয়নের লাউড়ী গ্রামে নির্বাচন পরবর্তী হামলার শিকার দীপক ঘোষের বাড়িতে। এ সময় স্থানীয়দের সাথে মতবিনিময় করেন প্রতিনিধি দলের সদস্যরা।
প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, সদস্য ব্যারিস্টার তুরিন আফরোজ, ডা. নুজহাত চৌধুরী, যশোরের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, নির্মূল কমিটির জেলা সাধারণ সম্পাদক কাজী ফরিদুল ইসলাম, জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক দীপংকর দাস প্রমুখ।
বিকালে নেতৃবৃন্দ যশোর শহরের টাউন হল ময়দানে ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন।
