আড্ডায় গানে ‘সেকাল’ মিলল ‘একালে’
ব্যস্ত নাগরিক জীবনের ফাঁকে পুরনো দিনের বন্ধুদের সঙ্গে কিছুটা সময় কাটাতে ছুটির দিনের বিকালে টিএসসির সবুজ চত্বরে মিলেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক-বর্তমান শিক্ষার্থীরা।
ফিরে এলো পুরনো সেই দিন, প্রিয় মুখ
ঢাবি ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটির কমিটি ঘোষণা
প্রতিবছরের মতো এবারো জানুয়ারির শেষ শুক্রবার ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটির এই পুনর্মিলনী হয়। আর তাতে শামিল হতে দুপুর থেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) হাজির হতে থাকেন সাবেক শিক্ষার্থীরা।
পুনর্মিলনীর জন্য নিবন্ধন করে সবাই সমবেত হন টিএসসির ভেতরে মাঠে, যেখানে করা হয় অনুষ্ঠানের প্যান্ডেল। পাশাপাশি খোলা জায়গায় টেবিলেও বসার ব্যবস্থা করা হয়।
ইংরেজি বিভাগের ষাটের দশকের শিক্ষার্থী অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদসহ বিভিন্ন ক্ষেত্রে শীর্ষ ব্যক্তিদের অনেকেই শামিল হন এই মিলন মেলায়।
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, কলা অনুষদের ডিন ও বিভাগের শিক্ষক অধ্যাপক সদরুল আমিনও উপস্থিত ছিলেন এ অনুষ্ঠানে।
বিকেল সাড়ে ৪টায় অ্যালামনাস সিলভিয়া ইসলামের সঞ্চালনায় শুরু হয় অনুষ্ঠান। বিভাগের প্রয়াত অধ্যাপক খোন্দকার আশরাফ হোসেন ও অ্যালামনাই সোসাইটির সভাপতি মাশরুর চৌধুরীর স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন সমবেতরা।
গত ১৬ জুন খোন্দকার আশরাফ হোসেনের জীবনাবসান হয়। আর নন্দন গ্রুপের চেয়ারম্যান ও অ্যালামনাই সোসাইটির সভাপতি মাশরুর চৌধুরী মারা যান গত ৫ অগাস্ট।
এরপর সমবেত কণ্ঠে সংগীত পরিবেশন করেন বিভাগের বর্তমান শিক্ষার্থীরা। বিকেল ৪টা ৪০ মিনিটে স্বাগত বক্তব্য নিয়ে আসেন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক তাহমিনা আহমেদ।
এরপর খোন্দকার আশরাফ হোসেন ও মাশরুর চৌধুরীসহ বিভাগের প্রয়াত ছাত্র-শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম।
তিনি বলেন, “এই বিভাগই কেবল খোন্দকার আশরাফ হোসেনকে হারায়নি, বাংলা সাহিত্যও একজন কবিকে হারিয়েছে। এই বিভাগ হারিয়েছে মাশরুর চৌধুরীকে, যাকে একজন উদ্যমী মানুষ হিসেবে আমরা চিনতাম। ব্যবসা-বাণিজ্যের মানুষ হয়েও তিনি শিল্প-সাহিত্যের সঙ্গে ছিলেন, সব সময় উৎসাহ দিয়ে গেছেন।”
তার বক্তব্য শেষে অ্যালামনাই সোসাইটির বার্ষিক প্রতিবেদনের উল্লেখযোগ্য অংশ তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।
তিনি বলেন, এ বছর বাংলাদেশে অনেক ঘটনা ঘটেছে। এমন অনেক কিছু ঘটেছে যা আগে ধারণা করা যায়নি। ফলে অ্যালামনাই সোসাইটি সব কাজও ঠিকভাবে এগোয়নি। যেসব পরিকল্পনা করা হয়েছিল, তার অনেক কিছুই বাস্তবায়িত হয়নি।
“মাশরুর চৌধুরী হঠাৎ করেই আমাদের ছেড়ে গেলেন। দুই দফা অ্যালামনাই সোসাইটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন শেষে দ্বিতীয় দফায় সভাপতির দায়িত্ব পালনের মধ্যেই তিনি চলে গেলেন।”
প্রয়াত খোন্দকার আশরাফ হোসেন ও অ্যালামনাই মুজিবুল হকের প্রতিও শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক।
মুজিবুল হক ১৯৫১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর করেন। এরপর সরকারি চাকরিতে যোগ দেয়ার আগে কিছু দিন এই বিভাগে শিক্ষকতাও করেন।
আশির দশকে ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটি প্রতিষ্ঠার সময় সক্রিয় ভূমিকা রাখেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব মুজিবুল হক।
তৌফিক ইমরোজ খালিদী বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে যারা ইংরেজি বিভাগের স্নাতক হয়েছেন তাদের একটি তালিকা এবার তৈরি হয়েছে সোসাইটির যুগ্ম সম্পাদক ইশতিয়াক মজিদের অর্থায়ন ও নেতৃত্বে।
edas.com.bd ও edas.bdnews24.com- এই দুটি ওয়েব ঠিকানায় পাওয়া যাবে সেই তালিকা। সোসাইটির নিবন্ধন প্রক্রিয়াও ‘ডিজিটালাইজড’ হয়েছে।
এরপর বক্তব্য নিয়ে আসেন সোসাইটির সভাপতি ওয়াজির সাত্তার।
তিনি বলেন, ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা যাতে লাভবান হতে পারে সেজন্য বেশ কয়েকটি কাজ হাতে নিয়েছে ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটি।
সোসাইটির বেশ কয়েকজন সদস্যের উদ্যোগে সংগঠনের সদস্য সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানান তিনি।
ইংরেজি বিভাগের অ্যালামনাই পরিবার দিনে দিনে আরো বিস্তৃত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
তার বক্তব্যের পর প্রিন্সিপাল জালালুদ্দিন আহমেদ স্বর্ণপদক ও সোসাইটির পুরস্কার বিতরণ করা হয়।
২০১১ সালে এমএ (অ্যাপলাইড লিঙ্গুইস্টিক অ্যান্ড ইএলটি) পরীক্ষায় সর্বোচ্চ নম্বরধারী মো. ইলিয়াস উদ্দিনকে এ বছর প্রিন্সিপাল জালালুদ্দিন আহমেদ স্বর্ণপদক দেয়া হয়।
অ্যালামনাই সোসাইটির পক্ষ থেকে ২০১১ সালের ওই পরীক্ষার জন্য মো. ইলিয়াস উদ্দিন, জান্নাতুল ফেরদৌস ও সুমনা রানী সাহাকে পুরস্কৃত করা হয়।
এছাড়া একই বছরের এমএ (লিটারেচার) পরীক্ষায় ভালো ফল করায় বুশরা মাহজাবীন, আয়েশা আক্তার ও শামীমা আক্তার পুরস্কার পান।
২০১২ সালের বিএ (সম্মান) পরীক্ষায় ভালো ফল করায় সাইফুন মুসতারি, ফাওজিয়া রেজা, রুমানা রফিক, মো. রাশেদুল ইসলাম এবং ২০১১ সালের বিএ (সম্মান) পরীক্ষায় ভালো ফলের জন্য শেহরিন আতাউর খান, শাহাদাৎ হোসেন ও জয়নাল আবেদীন পুরস্কৃত হন।
পদক বিতরণ শেষে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। এরপর নতুন কমিটি নির্বাচন ও র্যাফেল ড্রর মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।
আগের কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসা ওয়াজির সাত্তার এবারো সংগঠনের নেতৃত্বে থাকছেন। আর তৃতীয় মেয়াদে সাধারণ সম্পাদক হয়েছেন তৌফিক ইমরোজ খালিদী।
১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকেই ইংরেজি বিভাগ চালু হলেও সাড়ে চার দশকেরও বেশি সময় পর ১৯৮৬ সালের ডিসেম্বরে ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটি যাত্রা শুরু করে।
গত ২৭ জানুয়ারি ছিল ইংরেজি বিভাগের ৯২তম প্রতিষ্ঠাবার্ষিকী। তার চার দিনের মাথায় বসলো ২৮তম এই পুনর্মিলনী।
