সাভারে কবর থেকে ১৮টি কঙ্কাল চুরি
সাভারে একটি কবরস্থান থেকে ১৮টি কঙ্কাল চুরি হয়েছে বলে দাবি এলাকাবাসীর।
বৃহস্পতিবার রাতে তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজাঘাট কবরস্থান থেকে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হাসানুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা শুনে তিনি গিয়ে দেখেন ২১টি কবরের উপরের অংশ খোলা। এরমধ্যে ১৮টি কবরে কঙ্কালগুলো কে বা কারা নিয়ে গেছে।
খবর পেয়ে সংশ্লিষ্ট স্বজনরা এসে কবরগুলো পুনরায় মাটি দিয়ে ভরাট করে দেন।
এর আগেও একাধিকবার এ কবরস্থান থেকে ২/১টি করে কঙ্কাল চুরি হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।
স্থানীয় ৩নং ওয়ার্ডের সদস্য ইদ্রিস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কবর খোড়া অবস্থায় দেখেন। একটি কবরের কঙ্কাল উপরে উঠানো ছিল।
“পরে আমরা সেখানেই জানাজা পড়ে কবর দিয়ে দেই। এছাড়া অন্য কবরগুলো মাটি ভরাট করে দেই,” বলেন ইদ্রিস।
পরে বিষয়টি পুলিশকে জানানো হয় বলে তিনি জানান।
সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি এলাকাবাসী কবরগুলো মাটি ভরাট করে দিচ্ছে।”
