শিবিরের তাণ্ডব: শাবিতে আটক আরো ৮৪
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিবির কর্মীদের হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িত সন্দেহে আরো ৮৪ জনকে আটক করেছে পুলিশ।
শাবিতে শিবির-ছাত্রলীগ সংঘর্ষ, ভাংচুর
শাবিতে তাণ্ডব: শিবির নেতাদের বিরুদ্ধে ২ মামলা
জালালাবাদ থানার ওসি গৌসুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার ভোরে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গত সপ্তাহে বিশ্ববিদ্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় জড়িত সন্দেহে তাদের আটক করা হয়েছে বলেও জানান ওসি।
আটকদের নাম জানতে চাইলে তিনি বলেন, “যাচাই বাচাই চলছে। সবার নাম পরে জানানো হবে। এদের অধিকাংশই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।”
গত ২৬ জানুয়ারি দুপুরে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ভবন, শিক্ষক-শিক্ষার্থীদের বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকার ভাংচুর করে শিবিরকর্মীরা।
এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক মো. ইসফাকুল হোসেনের দাবি।
বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক মো. ইসফাকুল হোসেন ও জালালাবাদ থানার উপ পরিদর্শক আবুল কালাম আজাদ ঘটনার রাতেই দুটি মামলা দায়ের করেন, যাতে বিশ্ববিদ্যালয় শিবিরের সাধারণ সম্পাদকসহ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।
