মেঘনায় লঞ্চ-ট্যাংকার সংঘর্ষ, আহত ২০
চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চ ও তেলবাহী জাহাজের মুখোমুখি সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চাঁদপুরের মোহনপুরে এ ঘটনা ঘটে।
বিআইডব্লিউটিএ চাঁদপুর বন্দরের কর্মকর্তা মোবারক হোসেন বলেন, “সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে চাঁদপুরগামী এমভি সোনার তরী নামের লঞ্চটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা এমভি সামিয়া-২ নামের তেলবাহী জাহাজটির মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে সোনার তরীর ২০ যাত্রী আহত হন। কয়েকজন যাত্রী আতঙ্কে পানিতেও ঝাঁপ দেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।”
দুর্ঘটনায় লঞ্চটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় বলে জানান তিনি।
বন্দরের এই কর্মকর্তা জানান, সোয়া ১২টার দিকে লঞ্চটি চাঁদপুর লঞ্চঘাটে পৌঁছালে আহত যাত্রীদের বিভিন্ন স্থানে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
এমভি সোনার তরীর মাস্টার মো. ইব্রাহিমের অভিযোগ, তেলবাহী জাহাজের চালকের অসতর্কতার কারণেই এ ঘটনা ঘটেছে।
বন্দর কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত লঞ্চ পরিদর্শন করেছেন জানিয়ে মোবারক বলেন, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলেছে।
