নারায়ণগঞ্জে ৩ ভুয়া র্যাব সদস্য আটক
র্যাবের ভুয়া পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে লুটপাটকারী একটি চক্রের তিন সদস্যকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আটক করেছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এ কথা জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন বাগেরহাটের মোড়লগঞ্জ থানার খারইখালি এলাকার মোখলেছুর রহমানের ছেলে লাল মিয়া (৪০), বরিশালের বাবুগঞ্জ থানার দক্ষিণ গুতুলিয়া এলাকার আব্দুল মান্নান হাওলাদারের ছেলে দেলোয়ার হোসেন (৩২) এবং মাইক্রোবাসটির চালক বরিশালের বাকেরগঞ্জ থানার কৃষ্ণকাঠী এলাকার শাহজাহান খানের ছেলে রাসেল (২২)।
তিনি জানান, বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার তারাব বাজারের পাশে আইএফআইসি ব্যাংকের সামনে র্যাবের পোশাক পড়া ৫/৬ ব্যক্তি একটি মাইক্রোবাস নিয়ে ঘোরাফেরা করতে দেখে পুলিশের সন্দেহ হয়।
পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে মাইক্রোবাস থেকে নেমে তিন জন দৌঁড়ে পালিয়ে যায় বলে জানান শহীদুল।
এ সময় মাইক্রোবাসে থাকা চালকসহ অন্য তিনজনকে আটক করে পুলিশ।
তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ওয়াকিটকি, হাতকড়া, মোবাইলসেট ও টিফিন ক্যারিয়ারের ভেতরে রাখা ৪টি মাফলার।
ঘটনাস্থলের আইএফআইসি ব্যাংক থেকে এক ব্যক্তি পাঁচ লাখ টাকা তুলবে এমন খবর পেয়ে ওই ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে লুট করার পরিকল্পনা করেছিল বলে তারা পুলিশের কাছে স্বীকার করেছে।
এই চক্র আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ব্যবসায়ীদের তুলে নিয়ে টাকা পয়সা লুট করে থাকে বলে জানান তিনি।
আটক তিনজনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।
