২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাজাপ্রাপ্তদের স্বজনদের কান্না, আপিলের ঘোষণা

চাঞ্চল্যকর ১০ ট্রাক অস্ত্র মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত আসামিদের নির্দোষ দাবি করে এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা বলেছেন তাদের স্বজনরা ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 06:12 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

চোরাচালান ও অস্ত্র আইনের দুটি মামলায় বৃহস্পতিবার দেয়া রায়ে তারা ন্যায়বিচার পাননি বলেও অভিযোগ করেছেন।

নানা চড়াই-উৎরাই পেরিয়ে ১০ বছর অপেক্ষার পর দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইবুন্যাল-১ এর বিচারক এসএম মজিবুর রহমান জনাকীর্ণ আদালতে ওই দুই মামলার রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর পরই চট্টগ্রাম আদালত ভবন প্রাঙ্গণেই সাজাপ্রাপ্ত আসামিদের অনেক স্বজন কান্নায় ভেঙ্গে পড়েন।

আসামিদের আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার আগে এক পলক দেখার জন্য ছুটে যান তাদের স্ত্রী-সন্তান-ভাইসহ স্বজনরা।

আদালত ভবনের নিচতলায় কান্নায় ভেঙ্গে পড়েন ফাঁসির দণ্ডাদেশ পাওয়া চোরাচালানি দীন মোহাম্মদের স্ত্রী মিনু আরা বেগম।

স্বামীকে নির্দোষ দাবি করে তিনি বলেন, “তার কোনো অপরাধ নেই। সে দিনমজুর ছিল। তার কোনো দোষ নেই।”

দীন মোহাম্মদ আটক হওয়ার পর থেকে তার পরিবার পথে বসার উপক্রম হয়েছে বলে আহাজারি করতে থাকেন মিনু।

রায়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “আমরা উচ্চ আদালতে যাব।”

প্রধানমন্ত্রীর কাছেও ‘এই অন্যায়ের’ বিচার চান তিনি।

আরেক আসামি এনএসআইয়ের সাবেক পরিচালক সাহাব উদ্দিনের স্ত্রীও কান্নায় ভেঙ্গে পড়েন। তিনিও রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

একই অবস্থান জানান দণ্ডাদেশপ্রাপ্ত আসামি এনএসআইয়ের মাঠ কর্মকর্তা আকবর হোসেনের স্ত্রী সেলিমা সুলতানাও।

চোরাকারবারি হাফিজুর রহমানের ভাই ওয়াসিউর রহমানকে রায় ঘোষণার পর এদিক-ওদিক ছুটতে দেখা যায়।

বিমর্ষ ওয়াসিউর তার ভাইয়ের সঙ্গে দেখা করার চেষ্টা করছিলেন। তার কাছ থেকে প্রতিক্রিয়া জানতে চাইলে মুখ খুলতে চাননি।

ট্রলার মালিক আবদুস সোবহান এই মামলা দুটোতে আগে থেকেই জামিনে ছিলেন। রায়ে তাকেও ফাঁসির আদেশ দেয়া হয়। রায়ের পর তার জামিন বাতিল করে আদালত থেকে কারাগারে পাঠিয়ে দেয়া হয়।

এসময় আদালতে থাকা সোবহানের ছেলে ওসমান কেঁদে ফেলেন। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান তিনি।