২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোকেয়ায় অভ্যর্থনা মিছিল থেকে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের স্বাগত জানাতে বের করা মিছিল থেকে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীরা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 04:13 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক শরিফসহ বেশ কয়েকজন এবং ছাত্রলীগ কর্মী রেজা আহত হন বলে দুই সংগঠনের নেতারা জানান।

২০১৩-১৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা চলার সময় এ সংঘর্ষে  অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) শফিকুল ইসলাম বলেন, ভর্তি পরীক্ষা চলাকালে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয়পক্ষকে বাইরে মিছিল করতে বলা হয়। কিন্তু তারা ক্যাম্পাসে মিছিল করলে সংঘর্ষ বাধে। পরে ধাওয়া দিয়ে উভয়পক্ষকে ক্যাম্পাসের বাইরে বের করে দেয়া হয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান শিশির বলেন, “নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ক্যাম্পাসে মিছিল করার সময় ছাত্রদল ও শিবিরকর্মীরা অতর্কিত মিছিলে একটি হাতবোমা ছোড়ে।

“এসময় তারা ইটপাটকেলও নিক্ষেপ করে। পরে ছাত্রলীগকর্মীরা তাদের ধাওয়া করে ক্যাম্পাস থেকে বের করে দেয়।”

তার অভিযোগ অস্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হযরত বেলাল বলেন, “নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে আমরা ক্যাম্পাসে মিছিল করতে চাইলে পুলিশ বাধা দেয়।

“কিছুক্ষণ পর ছাত্রলীগ ক্যাম্পাসে মিছিল বের করে এবং পুলিশের সহায়তায় হামলা চালায়। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় আমরা একটি হাতবোমার বিস্ফোরণ ঘটাই।”

সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শরিফ, রিমন, সদস্য রেদওয়ান, ইমরান, কাজল ও রেজাসহ নয় নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেন তিনি।