২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে জামায়াতের বোমায় ৩ সাংবাদিক আহত

১০ ট্রাক অস্ত্র মামলার রায়ের প্রতিবাদে রাজশাহীতে জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল থেকে ছোড়া হাতবোমায় তিন সাংবাদিক আহত হয়েছেন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2014, 04:12 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নগরীর সাগরপাড়া এলাকার এ ঘটনায় আহত আলোকচিত্র সাংবাদিকরা হলেন গুলবার আলী জুয়েল, ইত্তেফাকের কাবিল হোসেন এবং প্রথম আলোর শহিদুল ইসলাম দুখু।

দশ ট্রাক অস্ত্র মামলায় বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইবুন্যাল রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৪ জন আসামির মধ্যে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী রয়েছেন।

আলোকচিত্র সাংবাদিক জুয়েল জানিয়েছেন, তাদের তিনজনের পায়ে বোমার ‍স্প্লিন্টারের আঘাত লেগেছে। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তারা।

শহিদুল বলেন, “সমাবেশ শেষে জামায়াত-শিবির কর্মীরা চলে যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে হাতবোমা ছোড়ে। বিকট শব্দে তা বিস্ফোরিত হয়।”

বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া জানান, জামায়াত-শিবির কর্মীরা সেখানে ১০ মিনিটের মধ্যে মিছিল সমাবেশ করে পুলিশ আসার আগেই দ্রুত পালিয়ে যাওয়ার সময় তারা একটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামে রায় ঘোষণার পরপরই দুপুরের দিকে সাগরপাড়ায় মিছিলটি বের করে জামায়াত-শিবির।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল।

সমাবেশ শেষে চলে যাওয়ার সময় তারা একটি হাতবোমা ফাটায়। এসময় বোমার স্প্লিন্টারে আহত হন দায়িত্বরত তিন সাংবাদিক।