মার্চে গ্যাস সঙ্কট মিটবে: জ্বালানি উপদেষ্টা
আগামী মার্চে দেশে গ্যাস সরবরাহে ঘাটতি কাটবে বলে আশ্বাস দিলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক ই এলাহী চৌধুরী।
বৃহস্পতিবার সকালে গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড জিটিসিএল আশুগঞ্জ কম্প্রেসার স্টেশন দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এবং টাঙ্গাইলের এলেঙ্গায় দুইটি কম্প্রেসার স্টেশন স্থাপনের কাজ প্রায় শেষ।
আগামী মার্চে এই কম্প্রেসার স্টেশন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে আশা প্রকাশ করছেন তিনি।
ঢাকা, চট্রগ্রাম ও রাজশাহী অঞ্চলে গ্যাস সরবরাহে সঙ্কট চলছে। গ্যাসের অভাবে শিল্প-কলকারখানাসহ আবাসিক গ্রাহকরাও ভোগান্তি পোহাচ্ছে।
জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে মঙ্গলবার পেট্রোবাংলা আয়োজিত সেমিনারে বক্তব্য দেন জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড(জিটিসিএল)-এর এই কম্প্রেসার স্টেশন দুটি চালু হলে জাতীয় গ্যাস সঞ্চালন লাইনে গ্যাসের চাপ স্বাভাবিক হয়ে আসবে বলে নিশ্চিত করেন জ্বালানি উপদেষ্টা।
এ কম্প্রেসার স্টেশন চালু হলে সঞ্চালন লাইনে গ্যাসের চাপ ৭০০ পিএসআই থেকে বেড়ে এক হাজার পিএসআই হবে।
এতে গ্যাস স্বল্পতার কারণে বন্ধ হওয়া বিদ্যুৎ কেন্দ্র ও শিল্প কারখানাগুলোতে শিঘ্রই গ্যাস সরবরাহ নিশ্চিত হবে প্রত্যাশা তার।
ঢাকা, চট্রগ্রাম ও রাজশাহী অঞ্চলে দেশে গ্যাসের চাপ সমস্যাও দূর হবে এবং আবাসিক গ্রাহকদের ভোগান্তি কেটে যাবে বলে জানান তিনি।
