২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটে ক্লাস-পরীক্ষা বন্ধ রাবিতে

বর্ধিত ফি ও সান্ধ্যকোর্স বাতিলের দাবিতে শিক্ষার্থীদের ধর্মঘটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা বন্ধ হয়ে গেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রয়টার্স

Published : 30 Jan 2014, 11:30 AM

Updated : 01 Sep 2026, 12:19 PM

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সকাল সোয়া ৮টা থেকে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও ভবনগুলোতে কোনো কর্মকর্তা-কর্মচারীকেও আসতে দেয়া হয়নি।

বেলা ১১টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাবেশ শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে  শিক্ষার্থী।

‘শিক্ষা-ব্যবসা এক সঙ্গে চলে না’, ‘সনদ বিক্রির কারখানা আমরা তা ছাড় দেব না’, ‘শিক্ষক নিয়োগের ভার আমরা নেব না’ ইত্যাদি শ্লোগানে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কয়েক হাজার শিক্ষার্থী।

মিছিলের পর দ্বিতীয় দিনের মতো প্রশাসনিক ভবন ঘেরাও করার কথা রয়েছে তাদের।

বর্ধিত ফি ও সান্ধ্যকোর্স বাতিলের দাবিতে চলমান আন্দোলনের দ্বিতীয় দিন বুধবার প্রশাসনিক ভবন ঘেরাওয়ের পর বৃহস্পতিবার থেকে ধর্মঘটের ডাক দেন শিক্ষার্থীরা।

তবে প্রশাসনিক কার্যক্রম ও বিশ্ববিদ্যালয়ে পরিবহন চলাচল ধর্মঘটের আওতামুক্ত রাখার ঘোষণা দেন তারা।

দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি দেয়ার হুমকি দিয়েছেন শিক্ষার্থীরা।

‘বর্ধিত ফি প্রত্যাহার ও বাণিজ্যিক সান্ধ্য কোর্স বিরোধী শিক্ষক-শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে গত মঙ্গলবার থেকে এ আন্দোলন করছে কয়েক হাজার ছাত্র-ছাত্রী। এর আগে একই দাবিতে গত ২১ জানুয়ারি প্রশাসনকে সাত দিনের সময় বেধে দিয়েছিল শিক্ষার্থীরা।

গত ২৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় শিক্ষার্থীদের পরীক্ষা, সদনসহ বিভিন্ন ‘ফি’ দুই থেকে পাঁচগুন বাড়ানোর সিদ্ধান্ত হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে যতোজন শিক্ষক নেয়ার বিজ্ঞাপন দেয়া হয়েছে তার চেয়ে ৮১ শতাংশ বেশি শিক্ষক নিয়োগ দিয়ে তাদের বেতন-ভাতা শিক্ষার্থীদের কাঁধে চাপানো হয়েছে।

এছাড়া বাণিজ্যিক সান্ধ্য কোর্স চালুর নামে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার পরিবেশ নষ্ট করার চক্রান্ত করছে বলে মনে করেন শিক্ষার্থীরা।

তাদের বক্তব্য অনুযায়ী, পরীক্ষার ফি ও সনদপত্র উত্তোলনসহ বিভিন্ন ফি দুইগুণ থেকে শুরু করে কোনো কোনো ক্ষেত্রে পাঁচগুণ পর্যন্ত বাড়ানোয় দরিদ্র শিক্ষার্থীরা অল্প খরচে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে।

বুধবার বেলা সাড়ে ১১টা থেকে প্রায় দেড় ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রশাসনিক কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে আন্দোলনকারীরা। তার আগে বিভিন্ন বিভাগের কয়েক হাজার শিক্ষার্থী কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল করে।