২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগ পুলিশের বিরুদ্ধে

পুরান ঢাকার আদালত পাড়ায় প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে সূত্রাপুর থানার সহকারি উপ পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলামের বিরুদ্ধে।

কাজী মোবারক হোসেন

প্রশান্ত মিত্র, নোয়াখালী বেগমগঞ্জ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2014, 08:16 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

তার বিরুদ্ধে অভিযোগ, বুধবার সন্ধ্যা ৬টার দিকে তল্লাশির নামে তিনি কয়েকজন পথচারীর কাছ থেকে বিভিন্ন অংকের চাঁদা আদায় করেন।

খবর পেয়ে এ বিষয়ে কথা বলতে গেলে এই প্রতিবেদকসহ দুই সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারও করেন এএসআই সাইফুল।

আতাউর রহমান নামের এক ব্যক্তি জানান, বরিশাল যাওয়ার জন্য সদরঘাটে যাওয়ার পথে সন্ধ্যায় আদালতের সামনের রাস্তায় এএসআই সাইফুল তাকে আটকায়।

“সে আমার ব্যাগ ও শরীর তল্লাশি করে। কিছু না পেয়ে বলে আমি নাকি মাদকাসক্ত। তারপর জোর করে আড়াই হাজার টাকা নেয়।”

ভোলার ঔষধ বিক্রেতা রিয়াজ উদ্দিন জানান, ওই পথ দিয়ে যাওয়ার সময় তিনিও পুলিশের হয়রানির শিকার হন।

“আমি মিটফোর্ড থেকে ওষুধ কিনে সদরঘাটে যাচ্ছিলাম। রাস্তায় এএসআই সাইফুল পথ আটকে ওষুধ দেখে বলে এক হাজার টাকা দিতে হবে। আমি রাজি না হওয়ায় চড়-থাপ্পড় মারে। ২০০ টাকার দেয়ার পরও সে ছাড়তে চাচ্ছে না।”

রাস্তায় প্রকাশ্যে চাঁদাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে গেলে এই প্রতিবেদকের সামনেই রিয়াজ উদ্দিনের কাছে টাকা দাবি করেন এএসআই সাইফুল।

রিয়াজের সঙ্গে থাকা ওষুধ অবৈধ না হওয়ার পরও কেন তাকে আটকে রাখা হয়েছে প্রশ্ন করলে তিনি এই প্রতিবেদকের সঙ্গে দুর্ব্যবহারও করেন।

সাইফুল বলেন, “কি করবেন করেন গিয়া। আমার ডিমান্ড যেইটা, সেইটা আমি নিবই।”

পাশেই দাঁড়ানো ভ্যানচালক রোকন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার কাছ থেকেও দুইশ টাকা আদায় করে ছেড়েছেন ওই এএসআই।

এ ব্যাপারে সূত্রাপুর থানার ওসি খলিলুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “একজন ওষুধ ব্যাবসায়ী ফোনে পুলিশের বিরুদ্ধে একহাজার টাকা চাঁদা নেয়ার অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে আমি এএসআই সাইফুলের সঙ্গে কথা বলেছি। রাতে থানায় আসেন, বিস্তারিত কথা বলব।”