২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জ ও সাভারে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতনের দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলে পুলিশ লাঠিপেটা করে একটি পোশাক কারখানার শ্রমিকদের ছাত্রভঙ্গ করে দেয়।

সাভার প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2014, 06:25 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

অন্যদিকে, সরকারি হারে মজুরির দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ করেছে দুটি কারখানার শ্রমিকরা।

বুধবার সকালে সাভারের হেমায়েতপুর এলাকার ‘ফা অ্যাপারেলস লিমিটেড’ কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। শ্রমিকদের অভিযোগ পুলিশের লাঠিপেটায় অন্তত ১৫ জন আহত হয়েছে।

শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, দুইমাসের (নভেম্বর-ডিসেম্বর) বেতন বকেয়া রেখে গত ১৫ই জানুয়ারি কারখানাটির উৎপাদন বন্ধ করে দেয় মালিকপক্ষ।

এ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই কারখানাটিতে শ্রমিক বিক্ষোভ হচ্ছে।

তিনি বলেন, “বকেয়া বেতন পরিশোধের ব্যাপারে মালিকপক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে সকাল ৯টার দিকে প্রায় দুইশ’ শ্রমিক কারখানার সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে।”

খবর পেয়ে শিল্প পুলিশ গিয়ে লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিয়েছে এবং কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও তিনি জানান।

নারায়ণগঞ্জে সরকার ঘোষিত নূন্যতম মজুরির দাবিতে বিক্ষোভ

সরকার ঘোষিত নূন্যতম মজুরী ৫ হাজার ৩শ’ টাকার বাস্তবায়ন করার দাবিতে নারায়ণগঞ্জে দুটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে শহরের সায়াম প্লাজা এলাকার নাজ এন্ড রার্স এবং নিকিতা পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, শ্রমিক-সমাবেশে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম গোলক, সেলিম মাহমুদ ও অন্যরা।

শ্রমিকদের অভিযোগ, সরকার ৫ হাজার ৩শ’ টাকা মজুরি ঘোষণা করলেও কারখানা দুটির মালিক তা কার্যকর করেনি।

পুরনো হারে তাদের মজুরি দেয়া হচ্ছে।