২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোটরসাইকেল ‘মূর্তিমান আতঙ্ক’: ওবায়দুল কাদের

রাজধানীর রাজপথে মোটরসাইকেল ‘মূর্তিমান আতঙ্ক’ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2014, 05:41 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

বুধবার বিআরটিএর প্রধান কার্যালয়ে গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির এক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “মোটর সাইকেলের উৎপাতে ফুটপাতে পথচারীরা শান্তিমতো চলাচল করতে পারে না। এরা মূর্তিমান আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে।”

যোগাযোগমন্ত্রীর মতে, রাজধানীতে সড়ক দুর্ঘটনার একটি বড় কারণ এই মোটরসাইকেল। অবৈধ মোটরসাইকেল চলাচল বন্ধ করতে এবং ‘বেপরোয়া চালকদের’ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

অদক্ষ চালকরা ফিটনেসবিহীন গাড়ির মতোই বিপজ্জনক- এমন মন্তব্য করে মন্ত্রী বলেন, “চালকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি পথচারীদেরও সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ অনেক সময় দেখা যায় পথচারীরাও মোবাইলে ফোনে কথা বলার সময় দুর্ঘটনার শিকার হচ্ছেন।”

সড়ক ও জনপথ অধিদপ্তরের বেদখল হওয়া জায়গা দখলমুক্ত করে সরকারের পরিত্যক্ত জমিতে টার্মিনাল করা হবে বলে জানান কাদের।

টানা দ্বিতীয় মেয়াদে যোগাযোগমন্ত্রীর দায়িত্বে থাকা ওবায়দুল কাদের বলেন, “দেশ পরিচালনার ক্ষেত্রে দুর্নীতি প্রধান চ্যালেঞ্জ।”

তিনি প্রশ্ন রাখেন, “মন্ত্রীর পিএস-এপিএস বা আত্মীয়-স্বজন যদি মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে দুর্নীতি করে তাহলে তার দায়িত্ব কি মন্ত্রীর নয়?”

ক্ষমতাসীন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতার মতে, মন্ত্রী ‘সৎ’ হলে মন্ত্রণালয়ের দুর্নীতি ৫০% এবং সচিব সৎ হলে ৭০% দুর্নীতি কম হয়।

অন্যদের মধ্যে বিআরটিএর চেয়ারম্যান নজরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।