২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাইসেন্স নবায়নের নতুন নিয়ম স্থগিত

ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ডের বদলে গাড়ি পরিদর্শককে দেয়া পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষমতা স্থগিত করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

আলাদত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2014, 04:06 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গণির বেঞ্চ বুধবার এই আদেশ দেয়।

পাশাপাশি লাইসেন্স নবায়নের ক্ষমতা নিয়ে ওই আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে একটি রুল দিয়েছে আদালত।

স্বরাষ্ট্র সচিব, যোগাযোগ সচিব, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান, বিআরটিএর পরিচালক (প্রকৌশল), হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক, ঢাকা মেট্টোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ট্রাফিক), বিআরটিএর সহকারী পরিচালক (প্রকৌশল) এবং বিআরটিএর গাড়ি পরিদর্শককে দুই সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে।

আদালতে বাদিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান।

অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী ও অ্যাডভোকেট মাহাবুবুল ইসলাম নামে দুই আইনজীবী আদালতে এই রিট আবেদন করেন।

পরিচালক (প্রকৌশল) মো. সাইফুল ইসলামের স্বাক্ষরে গত ৩১ডিসেম্বর ওই আদেশ জারি করে বিআরটিএ।

ওই আদেশে বলা হয়, মোটরযান অধ্যাদেশ অনুসারে পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়নে পরীক্ষা নিতে হয়। বর্তমানে ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ড এই পরীক্ষা নেয়, যা আইনে বাধ্যতামূলক নয়।

“মেয়াদ শেষে ১৫দিনের মধ্যে এই নবায়নের বিধান থাকলেও কোনো জেলায় মাসে একবার আবার কোনো জেলায় ২/৩ মাসে একবার ওই বোর্ড বসে। এতে চালকদের জরিমানা গুণতে হয় এবং বিভিন্ন জটিলতা সৃষ্টি হয়। এ কারণে ওই পরীক্ষা মোটরযান পরিদর্শক গ্রহণ করবে এবং আইন ও অধ্যাদেশের সব শর্ত পূরণ করে লাইসেন্স নবায়ন করবে।”

রিটে বলা হয়, আইনগত কর্তৃত্বের বাইরে ওই আদেশ জারি করা হয়েছে, যাতে পেশাদার ড্রাইভারদের লাইসেন্স নবায়নে বোর্ডের পরিবর্তে একজন পরিদর্শককে দায়িত্ব দেয়া হয়েছে।

“এতে ড্রাইভাররা মানুষের জীবনের প্রতি আরো বেশি উপেক্ষা দেখাতে উৎসাহিত হবে। অসৎ উদ্দেশ্যে এক ব্যক্তিকে এভাবে ক্ষমতা দেয়া হয়েছে। ওই পরিদর্শক অধ্যাদেশে বর্ণিত দৃষ্টি শক্তি, সিগন্যাল, রং, দুর্ঘটনার সময় দায়িত্বসহ অন্য পরীক্ষা করে সব শর্ত পূরণ করতে পারবে না। বোর্ডে বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞরা থাকেন বলে সেখানে এটা নিশ্চিত করা যায়।”