২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে সড়ক দুর্ঘটনায় ৩ কিশোর নিহত

যশোরের বাঘারপাড়া উপজেলায় বাসের সঙ্গে নসিমনের সংঘর্ষে তিন কিশোর নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2014, 03:52 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

বাঘারপাড়া থানার ওসি জি জি বিশ্বাস জানান, বুধবার বেলা ১২টার দিকে বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুরে যশোর-নড়াইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে রুবেল (১৫), সিরাজুল ইসলামের ছেলে গফুর (১৭) ও মোনসের আলীর ছেলে হাবিবুর (১২)।

এ তিন কিশোর জেলেদের সঙ্গে বিভিন্ন পুকুরে জাল টানা ও মাছ ধরার কাজ করতো বলে স্থানীয়রা জানিয়েছেন।

ওসি বলেন, উপজেলার চাড়াভিটা থেকে মাছ ধরার কাজ করে এরা ইঞ্জিন চালিত নসিমনে করে শ্রীরামপুরে ফিরছিল। পথে বিপরীত দিক থেকে আসা যশোরগামী একটি বাসের সঙ্গে তাদের নসিমনের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই রুবেল ও হাবিবুর মারা যায়। যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় গফুরের।

দুর্ঘটনার পর চালক বাস ফেলে পালিয়ে গেছে বলে ওসি জানান।