চুয়াডাঙ্গায় ডাকাতের হামলায় আহত ৫
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় ডাকাতের বোমা বিস্ফোরণ ও ধারালো অস্ত্রের আঘাতে এক গৃহবধূসহ পাঁচজন আহত হয়েছেন।
দামুড়হুদা থানার পরিদর্শক (তদন্ত) ফকির আজিজুর রহমান জানান, মঙ্গলবার গভীর রাতে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনায় আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একদল সশস্ত্র ব্যক্তি ডাকাতির জন্য গ্রামে ঢুকে প্রতিরোধের মুখে এ তাণ্ডব চালায় বলে গ্রামবাসীরা জানিয়েছেন।
পরিদর্শক আজিজুর রহমান বলেন, রাত ১২টার দিকে ১২/১৪ জনের একদল লোক গ্রামে ঢুকলে রাস্তার পাশে কেরামবোর্ড খেলা ও চায়ের দোকানে থাকা গ্রামবাসী একত্রিত হয়ে তাদের পিছু নেয়।
এক পর্যায়ে তারা ৬/৭টি বোমার বিস্ফোরণ ঘটায়। এ সময় গ্রামের অনেক বাড়ি থেকে নারী-পুরুষ বেরিয়ে আসলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে দুর্বৃত্তরা।
বোমার স্প্লিন্টার ও ধারালো অস্ত্রের আঘাতে গ্রামের বাবুল আখতার (৪২) ও তার স্ত্রী হোসনে আরা ডলি (৩৫), হারুন-অর রশিদ (৩২), বকুল হোসেন (২৫) ও ইস্রাফিল হোসেন (৪৫) আহত হন।
তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ পরিদর্শক বলেন, পুলিশ রাতেই গ্রামে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বোমা বিস্ফোরণের কিছু আলামত উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
