ফরিদপুরে স্বেচ্ছাসেবক দলের কালোপতাকা মিছিল পণ্ড
দশম সংসদ নির্বাচন বাতিলের দাবি ও সংসদ বসানোর প্রতিবাদে ফরিদপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের কালো পতাকা মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা সোয়া ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাব চত্বর থেকে নেতাকর্মীরা কালো পতাকা হাতে মুজিব সড়কে মিছিল করার চেষ্টা করে। পুলিশ প্রেসক্লাবের গেইটে মিছিলটি আটকে দেয়।
এরপর মিছিল করতে না পেরে ওই এলাকা থেকে চলে যান নেতাকর্মীরা।
এর আগে প্রেসক্লাব চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন দিলা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাফিজ, আশরাফ হোসেন, হাসানুর রহমান মৃধা, তানজিমুল হাসান কায়েস, মোজাম্মেল হোসেন খান মিঠু, হেমায়েত হোসেন প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, সরকার পুলিশ ব্যবহার করে বিরোধী দলের সভা-সমাবেশ বন্ধ করতে চাইছে।
মিছিলে বাধা দেয়ার কারণ জানতে চাইলে ফরিদপুর কোতয়ালী থানার পরিদর্শক(তদন্ত) মো. আমিনুজ্জামান বলেন, “এদের মিছিল করতে দিলেই যানবাহন ভাংচুর করে। অতীতের কর্মকাণ্ড বিবেচনা করে তাদের মিছিল করার অনুমতি দেওয়া হয়নি।”
