২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘২২ ফুট’ ঘিরে এখনো কৌতূহল

বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই নিচে দিয়ে বাইশ ফুট সুড়ঙ্গ চলে গেছে ব্যাংকের ভল্টে। তিনদিন ধরে কিশোরগঞ্জের রথখোলার এই সুড়ঙ্গই ছিল আলোচনার কেন্দ্রে; ছিল নানা জল্পনা-কল্পনা।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2014, 12:06 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

গত রোববার সুড়ঙ্গের হদিস মেলার পর থেকে এক নজর দেখার আশায় ভোর থেকে গভীর রাত পর্যন্ত অসংখ্য নারী-পুরুষ ভিড় করেন ঘটনাস্থলে। নিরাপত্তা বাহিনীর কঠোর নিরাপত্তায় সেখানে পৌঁছানো সাধারণের পক্ষে অনেকটা অসম্ভব হলেও হাল না ছাড়া মানুষের সংখ্যাও নেহায়েত কম ছিল না।

কাউকে কাউকে দেখা গেছে, নিরাপত্তা বাহিনী ও সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে রাজনৈতিক নেতাদের সুপারিশ নিয়ে এসেছেন সুড়ঙ্গ দেখার শখ মেটাতে।

তিনদিন ধরে নিরাপত্তা বাহিনীর বিভিন্ন দলের তদন্ত ও আলামত সংগ্রহ শেষ হওয়ার পর মঙ্গলবার বিকালে আদালতের অনুমতি নিয়ে সুড়ঙ্গটি বন্ধ করে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

সুড়ঙ্গ ভরাটের কাজ শেষ হলেও ভাটা পড়েনি মানুষের উৎসাহে। গভীর রাত অবধি কৌতুহলী অনেককে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ব্যাংকের সামনে।

১৬ কোটি ৪০ লাখ টাকা চুরির হোতা হাবিবুর রহমান ওরফে সোহেল রানা গত দুই বছর সময় ধরে তৈরি করেন এই সুড়ঙ্গ পথ। সোহেল রানা দু’বছর আগে জেলা শহরের রথখলা এলাকায় সোনালী ব্যাংকের প্রধান শাখার পাশে মরহুম ভাষা সৈনিক আমিনুল হকের বাসার একটি কক্ষ ভাড়া নেন।

পটুয়াখালীর বাসিন্দা সোহেল রানা নিজের নাম-পরিচয় গোপন রেখে তার বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা উল্লেখ করে বাসা ভাড়া নিয়েছিলেন। এরপর থেকেই তিনি একটু একটু করে নিজ বাসা থেকে সোনালী ব্যাংকের ভল্ট পর্যন্ত সুড়ঙ্গ পথটি তৈরি করেন। উপরের মাটির ধস ঠেকাতে ব্যবহার করা হয়েছে কাঠ ও বাঁশ।

২৪ জানুয়ারি শুক্রবার রাতে ব্যাংকের ভল্ট থেকে টাকা সরানো হলেও রোববার ব্যাংকের শাখায় টাকা চুরির ঘটনা ধরা পড়ে। পরে পুলিশ এসে ঘটনা তদন্ত করে ১৫ ফুট দূরে পাশের বাড়ির একটি পরিত্যক্ত কক্ষের ভেতর সুড়ঙ্গের অন্য প্রান্তের সন্ধান পায়। ওই বাড়িতেই ছিল সোহেল।

চুরির ঘটনা ধরা পড়ার দুই দিনের দিনের মধ্যে মঙ্গলবার বিকালে টাকার পাঁচটি বস্তাসহ দুজনকে রাজধানীর কদমতলী থানাধীন শ্যামপুরের বালুর মাঠ সংলগ্ন একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় সোহেলকে।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, বস্তাগুলোতে মোট ১৬ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা পাওয়া গেছে।