২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঈদীর কৌঁসুলিদের যুক্তিতর্ক শুরু

একাত্তরের যুদ্ধাপরাধী জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যুক্তিতর্ক শুরু করেছেন তার আইনজীবীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2014, 01:06 AM

Updated : 01 Sep 2026, 12:19 PM

মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারকের বেঞ্চে এই যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন সাঈদীর আইনজীবী এসএম শাহজাহান।

রাষ্টপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রমুখ।

এসএম শাহজাহান বলেন, "মাধ্যমিক পরীক্ষার নিবন্ধন অনুসারে এই মামলার প্রসিকিউশনের প্রথম সাক্ষী মাহবুব আলম হাওলাদার ১৯৫৯ সালের ২০ মার্চ জন্মগ্রহণ করেন।

"তাহলে একাত্তরের মে মাসে তার বয়স ছিল ১২ বছর দুই মাস। এখানে দুটি বিষয় রয়েছে। প্রথমত, শিশুর সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়ত, যেভাবে সাহসিকতার সঙ্গে উনি রিক্সা স্ট্যান্ডের আড়ালে লুকিয়ে ঘটনা দেখেছেন বলা হয়েছে, তা বিশ্বাসযোগ্য নয়।"

সাঈদীর বিপক্ষে সাক্ষ্য দেয়া রুহুল আমিন নবীন সম্পর্কে কৌঁসুলী শাহজাহান বলেন,  "দ্বিতীয় সাক্ষী (নবীন) ওই সময় এলাকায় ছিলেন না বলে জানিয়েছেন প্রসিকিউশনের অন্য সাক্ষী আলতাফ হোসেন হাওলাদার।

"তিনি এটা ইতিবাচকভাবেই বলেছেন যে, নবীন মুক্তিযুদ্ধের পক্ষে জনগণকে সংগঠিত করেছেন। তাই যুদ্ধ শুরুর পর তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। ডিসেম্বর পর্যন্ত তাকে পারেরহাট এলাকায় দেখি নাই।'”

পরে আদালত পরবর্তী দিনের জন্য মুলতবি রেখে শুনানি শেষ করে।

গত বছরের ২৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাঈদীকে মৃত্যুদণ্ড দেয়।

প্রসিকিউশনের আনা ২০টি অভিযোগের মধ্যে ইব্রাহিম কুট্টি ও বিসাবালীকে হত্যা এবং হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে আগুন দেয়ার দুটি অভিযোগে সাঈদীকে ট্রাইব্যুনাল ওই দণ্ড দেয়।

তার বিরুদ্ধে আরো ছয়টি অভিযোগ আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হলেও অন্য অভিযোগে ফাঁসির আদেশ যাওয়ায় সেগুলোতে কোনো দণ্ড দেয়নি আদালত।

এই রায়ের বিরুদ্ধে গত ২৮ মার্চ আপিল করেন সাঈদী। অন্যদিকে প্রমাণিত হলেও সাজা না হওয়া ছয় অভিযোগে এই জামায়াত নেতার শাস্তি চেয়ে আপিল করে প্রসিকিউশন।

এছাড়া ট্রাইব্যুনাল যে ১২টি অভিযোগ থেকে সাঈদীকে খালাস দিয়েছে, সেগুলোতেও আপিলে ‘পূর্ণ ন্যায়বিচার’ চাওয়া হয়। গত ২৪ সেপ্টেম্বর এ মামলার আপিল শুনানি শুরু হয়।

আপিলে আসামিপক্ষ রায়, উভয়পক্ষের সাক্ষীদের সাক্ষ্য ও জেরা উপস্থাপন শেষ করার পর যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের প্রথম রায়ে গত ২১ জানুয়ারি জামায়াতের সাবেক রুকন আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির আদেশ আসে। পলাতক থাকায় তিনি এর বিরুদ্ধে আপিল করতে পারেননি।

৫ ফেব্রুয়ারি দ্বিতীয় রায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। তবে আপিল শুনানি শেষে সুপ্রিম কোর্ট গত ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত রায়ে কাদের মোল্লাকেও মৃত্যুদণ্ড দেয়। ১২ ডিসেম্বর ওই দণ্ড কা‌র্যকর হয়।

তৃতীয় রায়ে সাঈদীকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এরপর আরো ৬টি রায় হয়েছে।