২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণকারী সন্দেহে সাবেক ছাত্রলীগ নেতা আটক

সাতক্ষীরা শহরে জমিজমা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে অপহরণ চেষ্টার অভিযোগে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা পলাশসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2014, 10:52 PM

Updated : 01 Sep 2026, 12:19 PM

মঙ্গলবার বিকালে পলাশপোল এলাকা থেকে আটক অপর দুজন হলেন শহরের কাটিয়ার মহাসীন আলী (৩০) ও পুরাতন সাতক্ষীরা এলাকার মনিরুল ইসলাম (৩৫)।

নাজমুল হুদা পলাশ তালা উপজেলার হরিহরনগর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

সাতক্ষীরা সদর থানার ওসি এনামুল হক জানান, পলাশ ও তার দুই সহযোগী মহাসীন ও মনিরুল বিকাল সাড়ে ৪টার দিকে পলাশপোল এলাকা থেকে ইউনুছ আলী নামের এক ব্যক্তিকে অপহরণ করে মোটরসাইকেলে তুলে নিয়ে যাচ্ছিল।

এ সময় ইউনুছ আলী চিৎকার দিলে এলাকায় টহলরত পুলিশ সদস্যরা তাদের আটক করে।

ইউনুছ আলী খুলনার পাইকগাছা উপজেলার বাসিন্দা।

ওসি আরো জানান, জিজ্ঞাসাবাদে জানা গেছে তালা উপজেলার হরিহরনগর গ্রামে ইউনুছ আলীর বিছু ফসলি জমি আছে। এ নিয়ে বিরোধের জেরে তাকে অপহরণ করা হচ্ছিল।

আটক নাজমুল হুদা পলাশসহ তিনজনকে পুলিশ থানায় রেখে জিজ্ঞাসাবাদ করছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।