পাটগ্রাম সীমান্তে কৃষককে পিটিয়েছে বিএসএফ
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে এক কৃষককে মারধর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার উপজেলার আলাউদ্দিন নগর এলাকায় ৮০২-৩ নং মেইল পিলারের মাঝামাঝি স্থানে এ ঘটনার শিকার হন ইসলাম নগর গ্রামের আনছার উদ্দিনের ছেলে আব্দুল জলিল (৪০)। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর-৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রোকনুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রোকনুজ্জামান জানান, এ ঘটনায় বিজিবির কুচুলিবাড়ী ক্যাম্পের পক্ষে থেকে বিএসএফকে প্রতিবাদ পাঠানো হলে দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়।
ওই বৈঠকে বিএসএফ দুঃখ প্রকাশ করেছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জলিল ভুট্টা ক্ষেতে সেচ দিতে গেলে বিএসএফ কুচবিহার জেলার মেখলিগঞ্জ থানার উপনচুকি ডাকুয়াটারী ক্যাম্পের টহলদল সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে তাকে রাইফেলের বাট দিয়ে মারধর করে।
এ ঘটনা দেখে বিজিবির সদস্যরা এগিয়ে গেলে বিএসএফ চলে যায়।
পরে এলাকাবাসী আহত কৃষক জলিলকে উদ্ধার করে স্থানীয় বাউরা ইউনিয়ন চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়।
