২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রযুক্তিগত সহযোগিতায় বাংলাদেশ-মিশর চুক্তি

বাংলাদেশ ও মিশরের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতায় পাঁচ বছর মেয়াদি একটি চুক্তি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2014, 06:24 PM

Updated : 22 Aug 2022, 05:36 PM

মঙ্গলবার সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব এ কে এম আমির হোসেন এবং ঢাকায় মিশরের রাষ্ট্রদূত মাহমুদ ইজ্জত নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে উভয় দেশের মধ্যে বিজ্ঞানী ও গবেষক বিনিময়, বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রে তথ্য বিনিময়, যৌথ সেমিনার ও কনফারেন্স আয়োজন করা হবে।

এছাড়া এই চুক্তির আওতায় যৌথ গবেষণা কার্যক্রম, প্রযুক্তি হস্তান্তরসহ বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সক্ষমতা বৃদ্ধিতে উভয় দেশ কাজ করবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

ইয়াফেস ওসমান বলেন, “আমাদেরকে অনেক দূর যেতে হবে। এই চুক্তির মধ্য দিয়ে আমরা একে অন্যকে সহায়তা করার চেষ্টা করব।”

বাংলাদেশের সঙ্গে চুক্তি করায় মিশরের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।