কুষ্টিয়ায় ৬ বিঘা জমির গাছ কর্তন
কুষ্টিয়া সদর উপজেলায় এক কৃষকের ছয় বিঘা জমির প্রায় এক হাজার চারাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার ভোর রাতে বাড়াদি খালপাড়ের ভাগাড় মাঠে আলম মণ্ডলের জমিতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আলম মণ্ডল অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে কতিপয় দুর্বৃত্ত চাঁদা চেয়ে আসছিল।দাবিকৃত চাঁদা না দেয়ায় ভোর রাতে তার জমির সব গাছ কেটে দিয়েছে।
সকালে স্থানীয়দের কাছে সংবাদ পান তিনি।
এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান আলম।
কুষ্টিয়া মডেল থানার ওসি আব্দুল খালেক জানান, গাছ কাটা সংক্রান্ত একটি অভিযোগ এসেছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
