বান্দরবানে হাতির আক্রমণে দুইজনের মৃত্যু
বান্দরবান সদর উপজেলায় বন্য হাতির আক্রমণে দুইজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভোরে উপজেলার সুয়ালক ইউনিয়নে ভাগ্যকুল এলাকায় এ ঘটনায় নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা মো. সজীব (৭) ও দিলুয়ারা বেগম (৪৫)।
সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ জানান ভোরের দিকে চার-পাঁচটির বন্য হাতি ভাগ্যকুল এলাকায় এসে তাণ্ডব চালায়। এতে দুইজন নিহত ও অন্তত পাঁচটি বসত ঘর ক্ষতিগ্রস্ত হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্তদের অর্থ সাহায্য দেয়া হবে বলেও জানান তিনি।
সদর থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতদের লাশ উদ্ধার করে পারিবারিকভাবে দাফনের ব্যবস্থা করা হয়েছে।
