২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভয়নগরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

যশোরের অভয়নগরে আওয়ামী লীগ নেতা চৈতন্য মণ্ডল  হত্যায় যাদের জড়িত বলে সন্দেহ করা হচ্ছে, সেই মেজবাহ বাহিনীর এক সদস্য পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2014, 10:36 AM

Updated : 01 Sep 2026, 12:18 PM

অভয়নগর থানার ওসি খবির উদ্দিন জানান, সোমবার গভীর রাতে অভয়নগর উপজেলার ঝিয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রবিউল হোসেন (৩০) উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা এলাকার আব্দুর রবের ছেলে। একটি ছিনতাই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

ওসি জানান, রবিউল অভয়নগরের সন্ত্রাসী দল ‘মেজবাহ বাহিনী’-এর প্রধান মেজবাউলের প্রধান সহযোগী।

গত রোববার রাতে ওই বাহিনীর সন্ত্রাসীরাই মাগুরা বাজারে ওয়ার্ড আওয়ামী লীগের নেতা চৈতন্য মণ্ডলকে হত্যা করে বলে তার পরিবার ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ।

ওসি খবির উদ্দিন জানান, ছিনতাই মামলার আসামি রবিউলকে সোমবার রাতে অভয়নগরের নোয়াপাড়া থেকে আটক করেন তারা। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী অন্য সহযোগীদের গ্রেপ্তারের জন্য গভীর রাতে ঝিয়াডাঙা গ্রামে অভিযান চালান।

“রাত ২টার দিকে ওই এলাকায় পৌঁছানোর পর রবিউলের সহযোগীরা পুলিশের দিকে গুলি শুরু করে।এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে কিছুক্ষণ গোলাগুলি চলে।”

এক পর্যায়ে ‘সন্ত্রাসীরা’ পালিয়ে যায় এবং পুলিশ রবিউলের লাশ উদ্ধার করে বলে জানান ওসি।

তিনি বলেন, গোলাগুলির সময় তিন পুলিশ সদস্যও আহত হন। এরা হলেন- এসআই মুক্তার হোসেন, কনস্টেবল আনোয়ার ও মনিরুল।

পুলিশ ঘটনাস্থল থেকেএকটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বলেও ওসি জানান।

অভয়নগরে আ. লীগ নেতা খুন