২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চাঁপাইনবাবগঞ্জ ও হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধাসহ দুইজন নিহত হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ ও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2014, 09:46 PM

Updated : 22 Aug 2022, 05:35 PM

সোমবার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এবং হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জের রসুলপুরে দুপুরে ট্রাকের ধাক্কায় আনোয়ারী বেগম (৭০) মারা যান।

তিনি উপজেলার আটরশিয়া গ্রামের মকবুল হোসেনের স্ত্রী।

শিবগঞ্জ থানার ওসি এসএম মিজানুর রহমান জানান, দুপুর পৌনে ১টার দিকে রাস্তা পারাপারের সময় সোনা মসজিদ স্থলবন্দরগামী একটি খালি ট্রাক আনোয়ারী বেগমকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল এলাকায় একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ট্রাকের মালিক আব্দুল কাইয়ূম (২৮) মারা গেছেন বলে জানায় পুলিশ।

নিহত কাইয়ূম সদর উপজেলার রাঙ্গেরগাঁও গ্রামের খুর্শেদ আলীর ছেলে।

বিকাল ৫টার দিকে ধুলিয়াখাল-রায়ধরপুর সড়কের ধুলিয়াখাল এলাকার একটি সেতুর কাছের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

আহত সেলিম মিয়া (৩২), কামাল মিয়া (২৮), আব্দুল হামিদ (৩৬) ও নজরুল ইসলামকে (৩৫) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হবিগঞ্জ সদর থানার ওসি মোজাম্মেল হক জানান, বালু বোঝাই একটি ছোট ট্রাক রায়ধরপুরে যাওয়ার পথে ধুলিয়াখাল গ্রামের কাছের একটি সেতুতে উঠতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই কাইয়ূম নিহত হন।