কিবরিয়ার স্মরণ সভায় স্মৃতিসৌধের দাবি
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ ৫ হত্যাকাণ্ডের নবম বার্ষিকীতে স্মরণ সভায় দ্রুত বিচার শেষ করা ও স্মৃতিসৌধ নির্মাণের দাবি উঠেছে।
২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলা বৈদ্যের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসভা শেষে গাড়িতে ওঠার সময় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া নিহত হন।
এ হামলায় তার সঙ্গে তার ভাতিজা শাহ মঞ্জরুল হুদা, আওয়ামী লীগ কর্মী ছিদ্দিক আলী, আব্দুর রহিম মারা যান এবং কমপক্ষে ৭০ জন আহত হন।
সোমবার সকালে সেদিনের গ্রেনেড হামলার ঘটনাস্থল বৈদ্যের বাজারে অস্থানীয়ভাবে নির্মিতি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ করেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ, শাহ কিবরিয়া ও শাহ মঞ্জুরুল হুদা স্মৃতি ফাউন্ডেশন, জেলা শ্রমিক লীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠন।
এ উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, অধ্যাপক আবিদুর রহমান, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অনুপ কুমার দেব মনা, খেলাঘরে আসরের সাধারণ সম্পাদক দিপুল কুমার রায়।
বক্তারা, ঘটনার তদন্ত দ্রুত শেষ করে বিচার প্রক্রিয়া সম্পন্ন, ঘটনাস্থল বৈদ্যের বাজারে স্মৃতিসৌধ নির্মাণ করার দাবি জানিয়েছেন।
এছাড়া মানববন্ধন, ফাতেহা পাঠ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
