রোগী দেখা নিয়ে খুলনায় ক্লিনিকে ভাঙচুর
আগে রোগী না দেখায় খুলনা মহানগরীর আহসান আহমেদ রোডে দিশা আই এন্ড মাদার কেয়ার সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
হামলাকারীরা রোববার রাত ১০টার দিকে ভাঙচুর চালিয়ে পালিয়ে যায়।
এ সময় ক্লিনিকের রোগী, তাদের স্বজন এবং চিকিৎসক ও সেবিকারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে।
ক্লিনিকটি গাইনি বিশেষজ্ঞ ডাক্তার ইতি সাহা ও তার স্বামী চক্ষু বিশেষজ্ঞ জগবন্ধু দাস দম্পতির।
খুলনা সদর থানার ওসি মো. শাহাবুদ্দীন আজাদ জানান, নগরীর ২৩নং ওয়ার্ড কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী ময়নার ভাইপো বাবু তার আত্মীয়কে দ্রুত দেখে দেয়ার জন্য ইতি সাহাকে অনুরোধ করেন।
এ অনুরোধের পর আরো দুইজন রোগীকে চিকিৎসা সেবা দিয়ে অন্য রোগীদের সিরিয়াল ভেঙে বাবুর রোগীতে দেখায় ক্ষিপ্ত হয়ে বাবুর নেতৃত্বে ১০/১৫জন এ হামলা চালায়।
এ সময় তারা ক্লিনিকেট চেয়ার, টেবিল, জানালার কাচ ও রিসিপশন ডেস্ক ভাঙচুর করে বলে জানান ওসি।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. শেখ বাহারুল আলম।
এ ঘটনায় সোমবার বেলা আগাইটা পর্যন্ত কোন মামলা হয়নি।
এ প্রসঙ্গে ইতি সাহা বলেন, “বিষয়টি কাউন্সিল ইমাম হাসান চৌধুরী ময়না দেখবেন বলেছেন। সেকারণে এখনও মামলা করিনি “
