২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণজাগরণের বছরপূর্তিতে ৩ দিনের কর্মসূচি

যুদ্ধাপরাধীদের সবোর্চ্চ সাজার পক্ষে মানুষের ঐক্যবদ্ধ জাগরণকে স্মরণীয় করে রাখতে ৫ ফেব্রুয়ারিকে ‘গণজাগরণ দিবস’ ঘোষণা করে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে গণজাগরণ মঞ্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 11:18 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

রোববার শাহবাগে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

তিনি জানান, বর্ষপূর্তির অনুষ্ঠানের প্রথম দিনে দেশ-বিদেশের সবগুলো গণজাগরণ মঞ্চ শপথ গ্রহণ এবং জাগরণের যাত্রা কর্মসূচি একযোগে পালন করবে।

এর বাইরে অন্যান্য মঞ্চগুলো নিজেদের মতো করে তাদের অনুষ্ঠানমালা নির্ধারণ ও পালন করবে।

৫ ফেব্রুয়ারি সকাল ৭টায় জাতীয় স্মৃতিসৌধ এবং ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে প্রথম দিনের কর্মসূচি শুরু হবে।

এরপরে শাহবাগের প্রজন্ম চত্বরে বিকাল ৩টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়ে চলবে রাত ১০টা পযর্ন্ত।

মাঝে বিকেল সাড়ে ৩টায় আগামীর সংগ্রামে নিজেদের নিয়োজিত রাখার জন্য দেশ-বিদেশের সব গণজাগরণ মঞ্চে একযোগে শপথ গ্রহণ এবং পরবর্তীতে প্রদর্শনীর উদ্বোধন, জাগরণ যাত্রা, উন্মুক্ত স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।

দ্বিতীয় দিনেও (৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টা সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে থেকে অনুষ্ঠান শুরু হয়ে মুক্তিযুদ্ধের পঙক্তিমালার মাধ্যমে রাত ১০টায় অনুষ্ঠান শেষ হবে। মাঝে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত গণজাগরণ মঞ্চ নিয়ে গণমাধ্যম কর্মীদের স্মৃতিচারণও থাকবে।

তৃতীয় ও শেষ দিনে (৭ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় জাগরণের সমাবেশের পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বর্ষপূর্তির অনুষ্ঠানের সমাপ্তি টানা হবে। এর আগে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত তিনটি গ্রুপে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এছাড়া বিশেষ আয়োজনের মধ্যে রয়েছে ‘শাহবাগ আন্দোলন ও ভবিষ্যৎ বাংলাদেশ’ শিরোনামে একটি রচনা প্রতিযোগিতা।

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের যেকোনো বয়সী শিক্ষার্থী সর্বোচ্চ দেড় হাজার শব্দের মধ্যে লিখে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। নির্বাচিত ৫২টি লেখা নিয়ে বইমেলায় একটি সঙ্কলন প্রকাশ করা হবে বলে জানান ইমরান।

রচনাটি আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে শাহবাগস্থ সমন্বয় সেলে অথবা মেইলে (gonojagoron@gmail.com, info@gonojagoronmoncho.com)  জমা দিতে বলা হয়েছে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইমরান বলেন, “বিএনপি জামায়াতকে ছেড়ে দিলেই সব সমস্যার সমাধান হবে না। একাত্তরে জামায়াতের ভূমিকার কারণে এই সংগঠনকে নিষিদ্ধ করার বাইরে কোনো সমাধান থাকতে পারে না।”