অভয়নগরে আ. লীগ নেতা খুন
সন্ত্রাসের প্রতিবাদ করায় যশোরের অভয়নগর উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার রাতে মাগুরা বাজারে এ হামলায় নিহত চৈতন্য মণ্ডল উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা ওয়ার্ড আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক ছিলেন।
যশোরের সহকারী পুলিশ সুপার (সদর) রেশমা শারমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের ভাই সমীর মণ্ডল জানান, রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় বিএনপি ক্যাডার ও বাহিনী প্রধান মেজবাউল সহযোগীদের নিয়ে মাগুরা বাজারে বোমার বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে এবং চৈতন্য মণ্ডলের ওষুধের দোকানে ঢুকে তাকে কুপিয়ে জখমের পর পেট্রোল ঢেলে দোকানে আগুন ধরিয়ে দেয়।
চৈতন্যের দেহ পুড়ে কয়লা হয়ে গেছে, বলেন সমীর।
স্থানীয় সংসদ সদস্য রণজিৎ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মেজবা বাহিনীর প্রধান মেজবাউলের সন্ত্রাসের প্রতিবাদ করে খুন হলেন তিনি।
