২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে ২ বাহিনীর বন্দুকযুদ্ধ, বাড়িতে অগ্নিসংযোগ

লক্ষ্মীপুর সদরে স্থানীয় দুই বাহিনীর বন্দুকযুদ্ধের জের ধরে একটি বাড়িতে অগ্নিসংযোগ করে।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 06:51 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

শনিবার রাতে চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রামে জিসান ও নাছির বাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধ হয়। রোববার দুপুরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা এসে আগুন নেভায়। এবং সদর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লক্ষ্মীপুর সদর থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, রোববার দুপুর ১২টার দিকে জিসান বাহিনীর সমর্থকতরা দেওয়াপাড়া গ্রামের নাছিরের বাড়িতে ঢুকে বসতঘরে অগ্নিসংযোগ করে।

এতে তাদের ঘরের কয়েকলাখ টাকা মূল্যের মালামাল পুড়ে যায় বলে দাবি করেন নাছিরের পরিবারের সদস্যরা।

পুলিশ কর্মকর্তা জানান, শনিবার রাতে জিসানের সমর্থক মো. সাদ্দাম হোসেন নামে একজনকে অপহরণ করে নিয়ে যায় প্রতিপক্ষ। এর জেরে দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়।

লোকজন আতঙ্কে থাকায় এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে বলে ওসি জানান।

পুলিশ জানায়, সোলায়মান উদ্দিন জিসান নিজের নামে গড়া একটি বাহিনীর প্রধান হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে খুন, অপহরণ, চাঁদাবাজি, বাড়িতে অগ্নিসংযোগসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সম্প্রতি জেলা পুলিশ জিসানকে ধরিয়ে দেওয়ার জন্য প্রচারপত্র বিলি করে।

অপরদিকে নাছির বাহিনীর প্রধান নাছির এলাকায় ডাকাত বলে পরিচিতি। তার বিরুদ্ধে থানায় ডাকাতি, অগ্নিসংযোগসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।