২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঐক্য ও কল্যাণ কামনায় লাখো মানুষের প্রার্থনা

মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও দেশের কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তাবলিগ জামাতের বার্ষিক সম্মিলন বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

আবুল হোসেন

রয়টার্স

Published : 26 Jan 2014, 06:45 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

শান্তি কামনায় শেষ ইজতেমার প্রথম পর্ব

ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিলেন প্রধানমন্ত্রী

আখেরি মোনাজাতে অংশ নিলেন খালেদা

রোববার বেলা ১২টা ৫৫ থেকে ২১ মিনিটব্যাপী এই মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা মো. জোবায়রুল হাসান। লাখো মুসল্লির কণ্ঠে এ সময় ধ্বনিত হয়- ‘আমিন আমিন’।

টঙ্গীর ইজতেমা ময়দানের চারপাশের কয়েক কিলোমিটার এলাকায় সড়ক, সড়কের পাশে বাসা-বাড়ি-কলকারখানা-অফিস-দোকানের ছাদ, পাশে দাঁড় করিয়ে রাখা যানবাহন ও তুরাগ নদীতে নৌকার ওপর অবস্থান নিয়ে মুসল্লিরা এই মোনাজাতে শামিল হন।

এ সময় রাষ্ট্রপতি আব্দুল হামিদ বঙ্গভবনে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আত্মীয় ও পরিবারের সদস্যদের নিয়ে মোনাজাতে অংশ নেন। টঙ্গীর অ্যাটলাস ভবনের ছাদে বসে মোনাজাতে শামিল হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাংসদ জাহিদ আহসান রাসেল ইজতেমা ময়দানে পুলিশের নিয়ন্ত্রণ কক্ষে বসে লাখো মুসল্লির সঙ্গে আখেরি মোনাজাতে অংশ নেন।

ইজতেমার মূল মঞ্চের কাছে বসে মোনাজাতে শরিক হন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

ঢাকায় নিয়োজিত বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক, বিভিন্ন রাজনেতিক দলের নেতারাও মোনাজাতে শামিল হন। এছাড়া ঊর্ধ্বতন সামরিক- বেসামরিক কর্মকর্তাসহ দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান মোনাজাতে অংশ নেন।

টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার প্রথম পর্বের এই আখেরি মোনাজাতে ৩০ লাখের বেশি মুসল্লি অংশ নিয়েছেন বলে ধারণা করছেন আয়োজকরা।

মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই পায়ে হেঁটে ইজতেমা ময়দানের দিকে আসেন আশপাশের মুসল্লিরা। সকাল ৯টার আগেই ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এরপর আশপাশের সড়ক, অলি-গলিতে অবস্থান নেন মুসল্লিরা। ইজতেমাস্থলে পৌঁছাতে না পেরে কামাড়পাড়া সড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন কয়েক লাখ মানুষ।

ভোর থেকেই ফজরের নামাজ ও আখেরি মোনাজাতের জন্য সড়কে পুরনো খবরের কাগজ, পাটি, সিমেন্টের বস্তা ও পলিথিন বিছিয়ে বসে পড়েন মুসল্লিরা। এছাড়া পার্শ্ববর্তী বাসা-বাড়ি-কলকারখানা-অফিস-দোকানের ছাঁদে, যানবাহনের ছাঁদে ও তুরাগ নদীতে নৌকায়  মুসল্লিরা অবস্থান নেন। চারপাশে দেখা যায় শুধু টুপি-পাঞ্জাবি পরা মানুষ।

আখেরি মোনাজাতের জন্য রোববার টঙ্গী ও এর আশপাশের শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানাসহ বিভিন্ন অফিসে ছুটি ঘোষণা করা হয়। কোনো কোনো প্রতিষ্ঠানে ছুটি না থাকলেও কর্মীদের মোনাজাতে অংশ নিতে বাধা দেয়া হয়নি।

ইজতেমা ময়দান ও এর আশপাশের সড়ক, বাসা-বাড়ি ছাড়াও গাজীপুরের চন্দনা চৌরাস্তা মসজিদ মাঠ, ভোগড়া মধ্যপাড়া স্কুল মাঠ, নলজানি ওয়্যারলেস মাঠ, ভুরুলিয়া ওয়াপদা মাঠ, কালিয়াকৈর উপজেলার রতনপুর, আন্দারমানিক, সফিপুর বাজারসহ বিভিন্ন এলাকায় সমবেত হয়ে মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। সেখানে ওয়্যালেস ও মুঠোফোনে মোনাজাত প্রচার করা হয়। পুরুষের পাশাপাশি নারীদেরও মোনাজাতে অংশ নিতে দেখা যায়।

দেশের ৩২টি জেলার মুসল্লিদের জন্য আয়োজিত ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে দেশের মুসলমানরা ছাড়াও এশিয়া, ইউরোপ, আফ্রিকা, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ৩৫ হাজার বিদেশি অংশ নেন বলে আয়োজকরা জানিয়েছেন।

আখেরি মোনাজাত শেষ হওয়ার পরপরই বিভিন্ন স্থান থেকে আশা মানুষ নিজ নিজ গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন। আগে যাওয়ার জন্য মুসল্লিরা তাড়াহুড়া করতে শুরু করায় টঙ্গীর আশপাশের সড়ক-মহাসড়কগুলোতে দীর্ঘ জনজট ও যানজট তৈরি হয়।

লাখো ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে গত শুক্রবার বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার প্রথম পর্ব।রোববার ইজতেমার প্রথম পর্বের সমাপনী দিনের শুরুতে বাদ ফজর বাংলাদেশি মাওলানা জামির উদ্দিন সমবেতদের উদ্দেশ্যে বয়ান করেন। এরপর সকাল সাড়ে ৯টার দিকে ভারতের মাওলানা সা’দ তাবলিগের গুরুত্ব তুলে ধরে হেদায়তি বয়ান করেন, যা চলে আখেরি মোনাজাতের আগ পর্যন্ত। তার বয়ান বাংলায় তরজমা করেন কাকরাইল মসজিদের ঈমাম হাফেজ মাওলানা জোবায়ের।

চারদিন বিরতির পর ৩১ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দফা। ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তাবলিগ জামায়াতের এই বিশ্ব সম্মিলন।