২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চালু হলো ভিকটিম সার্পোট সেন্টার

নির্যাতিত নারী ও শিশুদের অভিযোগ শুনতে চট্টগ্রামে চালু হয়েছে পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টার।

চট্টগ্রাম ব্যুরো

মুজাহিদ ইসলাম জয়

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 06:10 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

রোববার দুপুরে নগরীর ডবলমুরিং থানা প্রাঙ্গণে সেন্টারের উদ্বোধন করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান এবং বাংলাদেশ পুলিশ সংস্কার কর্মসূচির (পিআরপি) প্রকল্প পরিচালক অতিরিক্ত আইজিপি মো. মোখলেছুর রহমান।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অর্থায়নে পুলিশ সংস্কার কর্মসূচির আওতায় চালু হলো এই ভিকটিম সাপোর্ট সেন্টার, যাতে অভিযোগ জানানোর পাশাপাশি নির্যাতিতরা চিকিৎসাও নিতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মোখলেছুর রহমান বলেন, এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশ পুলিশই প্রথম নির্যাতিত নারী ও শিশুদের জন্য ভিকটিম সাপোর্ট সেন্টার চালু করেছে।

“এটা নির্যাতন প্রতিরোধ সেল নয়। এখানে নির্যাতিতদের আশ্রয় ও নিরাপত্তা দেয়া হবে। পাশাপাশি চিকিৎসা ও কাউন্সিলিং সেবাও প্রদান করা হবে।”

থানায় এসে কোনো কেউ অভিযোগ জানালে তাকে সরাসরি ভকটিম সাপোর্ট সেন্টারে পাঠিয়ে দিতে থানার ওসিদের প্রতি নির্দেশনা দেন অতিরিক্ত আইজিপি।

সেবা গ্রহণকারীদের যাতে কোনো ধরনের সমস্যা বা বিড়ম্বনায় পড়তে না হয় সেজন্য পুলিশ সদস্যদের হুঁশিয়ারি করে দেন তিনি।

ভিকটিম সাপোর্ট সেন্টারে আসা কারো সঙ্গে কোনো পুলিশ সদস্য অসদাচরণ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নগর পুলিশ কর্মকর্তাদের নির্দেশও দেন তিনি।

চট্টগ্রাম নগর পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নওশের আলী ও পিআরপির আইসিটি বিশেষজ্ঞ ভয়চেক কপ্রোভিচ।