২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির ৬ নেতার জামিন

হাই কোর্ট থেকে জামিন পেলেন বিএনপির ৬ নেতা, যাদের মধ্যে হান্নান শাহ ও মীর নাসিরের মুক্তি পেতে বাধা নেই বলে জানিয়েছেন তাদের আইনজীবীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 05:08 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

এর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া ও এম কে আনোয়ার, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস দুটি মামলায় ৬ মাসের জামিন পেয়েছেন।

গত বছরের ৫ মে মতিঝিলে হেফাজত ইসলামের ‘তাণ্ডবের’ পর মতিঝিল থানায় ওই দুটি মামলা দায়ের করা হয়। ওই ঘটনার উস্কানির অভিযোগে বিএনপির এই নেতাদের গত ২৬ ও ২৯ ডিসেম্বর গ্রেপ্তার দেখানো হয়।

এ দুই মামলায় জামিন পেয়েছেন হান্নান শাহও। এ দুটি মামলাসহ মোট পাঁচটি মামলায় জামিন পাওয়ায় তার মুক্তি পেতে আর কোনো বাধা থাকল না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে ব্যারিস্টার মীর হেলাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামের চকবাজারে ট্যাক্সি ভাংচুরের মামলায় এই বিএনপি নেতা ছয় মাসের জামিন পেয়েছেন। এর আগে তিনি আরো দুটি মামলায় নিম্ন আদালত থেকে জামিন পেয়েছিলেন।

মওদুদ আহমদের সহযোগী আইনজীবী ব্যারিস্টার মো. এহসানুর রহমান বলেন, “আজ মওদুদ স্যার দুটি মামলায় জামিন পেয়েছেন। এর আগে তিনি আরো দুটি মামলায় হাই কোর্ট জামিন পেয়েছিলেন। তার বিরুদ্ধে আরো দুটি মামলা রয়েছে।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া ও এম কে আনোয়ার, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস আরো একটি করে মামলায় গ্রেপ্তার রয়েছেন বলে মাহবুব উদ্দিন খোকন জানান।

এ আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ সব জামিনের বিষয়ে আমরা ইতোমধ্যেই নোট দিয়েছি। আমরা আপিল করব।”