শাবিতে শিবির-ছাত্রলীগ সংঘর্ষ, ভাংচুর
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের পর ব্যাপক ভাংচুর চালিয়েছে ইসলামী ছাত্রশিবির কর্মীরা।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিলয় চন্দ্র সরকার জানান, রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সংঘর্ষের সময় একের পর এক হাতবোমা ফাটায় শিবিরকর্মীরা। এক পর্যায়ে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের কয়েকটি বাস ভাংচুর করে এবং একটিতে আগুন দেয়।
বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবন এবং একাডেমিক ভবন ‘এ’, ‘বি’, ‘ডি’, ও ‘ই’ তে জানালা-দরজা ভাংচুর করে তারা।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি অঞ্জন রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সোয়া ৩টার দিকে ক্যাম্পাসের ফুড কোর্টে অবস্থানরত ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর অতর্কিতে হামলা চালায় শিবির কর্মীরা। এতে ছাত্রলীগের অন্তত পাঁচজন আহত হন।
অন্যদিকে বিশ্ববিদ্যালয় শিবিরের সাধারণ সম্পাদক এহসানুল করিম দাবি করেন, ‘ই’ বিল্ডিংয়ের সামনে ছাত্রলীগকর্মীরা শিবিরের দুইজনকে ধাওয়া করে মোটরসাইকেল ভাংচুর করায় সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক পর্যায়ে ক্যাম্পাসের বিভিন্ন অংশে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং প্রায় আধ ঘণ্টা দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পরে ছাত্রলীগ কর্মীরা পিছু হটে গেলে শিবির কর্মীরা ভাংচুর শুরু করে।
পুলিশ প্রথমে কাঁদুনে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইলেও ব্যর্থ হয়ে পিছু হটে যায়। পরে সাঁজোয়া যান নিয়ে বাড়তি পুলিশ এলে শিবিরকর্মীরা সরে পড়ে।
শিবিরের হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থীও আহত হয়েছেন বলে সহকারী প্রক্টর জানান।
জালালাবাদ থানার পরিদর্শক (তদন্ত) মুনীরুল ইসলাম বলেন, “কাঁদুনে গ্যাস ও শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আপাতত পরিস্থিতি শান্ত।”
