১০০ দিনের পরিকল্পনা কাদেরের
নতুন সরকার গঠনের পর প্রথম ১০০ দিনের পরিকল্পনা ঘোষণা করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, যাতে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।
রোববার সচিবালয়ে তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মাণে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে চুক্তি সইয়ের পর মন্ত্রী এ কর্মপরিকল্পনা ঘোষণা করেন।
তিনি বলেন, “আমি প্রথম ১০০ দিনের প্রোগ্রাম ঘোষণা করতে চাই, ১০০ দিনের প্রোগ্রামের মধ্যে প্রথম গুরুত্ব পাবে সারা দেশে ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত করা এবং তা আগামী বর্ষার আগেই করা হবে।”
কাজে গতি আনতে নতুন যন্ত্রপাতি, গাড়ি ও ফেরি কেনার পরিকল্পনাও জানান যোগাযোগমন্ত্রী।
“মান্ধাতার আমলের অনেক যন্ত্রপাতি, গাড়ি ও ফেরি রয়েছে। এগুলো দিয়ে ঠিকভাবে কাজ করা যায় না। এজন্য কাজের গতি মন্থর হয়ে যাচ্ছে। তাই নতুন যন্ত্রপাতি, গাড়ি ও ফেরি কেনা হবে,” বলেন তিনি।
এ সময় সড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর উপস্থিত ছিলেন।
