২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে কলেজ ছাত্রী হত্যায় খালুসহ গ্রেপ্তার ৫

কালিয়াকৈর ডিগ্রি কলেজের শিক্ষার্থী রুবি আক্তারের লাশ উদ্ধারের পাঁচদিন পর হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে তার খালুসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2014, 02:25 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল জানান, শনিবার ও রোববার সাভারের কলমা ও এর আশপাশের এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রুবির মোবাইলের কললিস্ট ধরে প্রথমে তার খালু এজাবুল হক সরকারকে (৪৩) গ্রেপ্তার করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী সাভারের কলমা এলাকার বাসিন্দা রুবেল (২৭), ফরিদুজ্জামান (২৯), ইকবাল হোসেন (২৫) ও আব্দুস সাইফুল ইসলামকে (২৮) গ্রেপ্তার করে পুলিশ।

গাজীপুরের কালিয়াকৈর থানার নলুয়া গ্রামের বাসিন্দা একাদশ শ্রেণির ছাত্রী রুবি আক্তার (২০) গত ১৩ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। আট দিন পর সাভারের কলমা এলাকার একটি ডেইরি ফার্মের সীমানা প্রাচীর সংলগ্ন ঝোপ থেকে তার গলিত লাশ উদ্ধার করে পুলিশ।

ওসি মোস্তফা কামাল বলেন, নিহতের মোবাইলের কললিস্ট ধরে শনিবার ভোরে কলমা থেকে তার খালু এজাবুলকে গ্রেপ্তার করা হয়। ওইদিনই তাকে আদালতে পাঠানো হলে স্বীকারোক্তি দিয়ে হত্যাকাণ্ডে জড়িত আরো চার জনের নাম বলেন তিনি। পরে রোববার ভোরে কলমায় অভিযান চালিয়ে ওই চার যুবককে গ্রেপ্তার করা হয়।

হত্যার আগে রুবিকে ধর্ষণ করা হয়েছিল বলে পুলিশের ধারণা। লাশটিতে পচন ধরায় ময়নাতদন্তের প্রতিবেদন আসতে সময় লাগছে বলে জানিয়েছে পুলিশ।