ইডেনে হলে আগুন আতঙ্ক, হুড়োহুড়িতে আহত ২
রাজধানীর ইডেন মহিলা কলেজের একটি ছাত্রীনিবাসে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ায় হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে দুই শিক্ষার্থী আহত হয়েছেন।
শনিবার রাতে কলেজের শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ছাত্রীনিবাসে এ ঘটনা ঘটে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান।
আহত কেয়া ও ফাতেমা নামে দুই শিক্ষার্থী রাত ১১টার দিকে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসেন বলে জানান তিনি।
আহতদের হাসপাতালে নিয়ে আসা সহপাঠীদের বরাত দিয়ে পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ছাত্রীনিবাসের নবম তলায় গ্যাস সিলিন্ডার ছিদ্র হয়ে আগুনে শিখা উঠায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
এসময় হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামতে গেলে কয়েকজন আহত হন। তবে কারো আঘাতই গুরুতর নয়।
