২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা নির্বাচন: প্রথম ধাপে ১৭শ’ মনোনয়নপত্র জমা

— উপজেলা নির্বাচনের প্রথম দফায় ১৭শ’ জনের বেশি মনোনয়নপত্র দাখিল করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2014, 11:07 PM

Updated : 01 Sep 2026, 12:18 PM

৯৮ উপজেলায় আগামী ১৯ ফেব্রুয়ারি ভোট গ্রহণ হবে।

শনিবার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে এসব উপজেলায় রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল।

ইসি সচিবালয়ের জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিকভাবে ৯৮টি উপজেলায় ১ হাজার ৭২৬ টি মনোনয়ন দাখিলের তথ্য পাওয়া গেছে। মাঠ পর্যায়ের তথ্য যাচাই করে পরে পূর্ণাঙ্গ তথ্য দেওয়া হবে।

এরমধ্যে চেয়ারম্যান পদে ৬৯০টি, ভাইস চেয়ারম্যান পদে ৬৫৬টি ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৮০টি মনোনয়নপত্র জমা হয়েছে।

মনোনয়নপত্র বাছাই ও প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থীর তালিকা করা হবে।

দেশের ৪৮৭টি উপলোর মধ্যে প্রথম দফায় ১০২টি উপজেলার তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরমধ্যে সীমানা জটিলতায় চারটির ভোট স্থগিত রয়েছে।

দ্বিতীয় দফায় ১১৭টি উপজেলায় ২৭ ফেব্রুয়ারি ভোট হবে।

বিভিন্ন জেলা থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিরা মনোনয়নপত্র জমা দেয়ার সংবাদ পাঠিয়েছেন।

রাজবাড়ীর ৩ উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ১৪

রাজবাড়ীর সদর, পাংশা ও বালিয়াকান্দি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৭ জন মনোনায়নপত্র দাখিল করেছেন।

এরমধ্যে রয়েছেন চেয়ারম্যান পদে ১৪, ভাইস চেয়ারম্যান পদে ১৬ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন।

সদরের তিন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে রয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত একজন করে এবং স্বতন্ত্র একজন।

পাংশায় সাত চেয়ারম্যান প্রার্থীর মধ্যে  হলেন আওয়ামী লীগের তিনজন, বিএনপির একজন এবং স্বতন্ত্র দুইজন।

বালিয়াকান্দিতে আওয়ামী লীগের দুইজন, বিএনপির দুইজন।

বরিশালে ২ উপজেলায় ১৩

দুই উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১০ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন  মনোনয়নপত্র দাখিল করেছেন।

এরমধ্যে রয়েছেন বাকেরগঞ্জে চেয়ারম্যান পদে ৬ জন এবং গৌরনদী উপজেলায় চেয়ারম্যান পদে ৭ জন।

ভোলায় লালমোহনে ১১

লালমোহনে চেয়ারম্যানপদে ১১ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

বগুড়ার ৬ উপজেলায় ৫২

বগুড়ার ৬ উপজেলায় চেয়ারম্যান পদে ৫২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এরমধ্যে রয়েছেন আওয়ামী লীগের ২১জন, বিএনপির ২০জন, জামায়াতের ৫ জন, জাসদের একজন, জাতীয় পার্টির একজন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের একজন এবং স্বতন্ত্র ৩ জন।

উপজেলাগুলো হলো নন্দীগ্রাম, দুপচাঁচিয়া, সারিয়াকান্দি, শেরপুর, ধুনট ও সোনাতলা।

দিনাজপুরে ২ উপজেলায় ১২

খানসামা ও কাহারোল উপজেলায় চেয়ারম্যান পদে ১২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

খানসামায় চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলাসহ ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং কাহারোলে চেয়াম্যান পদে ৭ জন ও মহিলাসহ ভাইস চেয়ারম্যান পদে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

গাইবান্ধায় ২ উপজেলায় ১৩

গোবিন্দগঞ্জ ও সাঘাটা উপজেলায় মোট ৩৫টি মনোনয়নপত্র জমা হয়েছে। এরমধ্যে রয়েছেন গোবিন্দগঞ্জে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে নয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন।

সাঘাটা চেয়ারম্যান পদে আটজন, ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন রয়েছেন।

গোপালগঞ্জে ২ উপজেলায় ১৩

গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় চেয়ারম্যান পদে ১৩টি মনোনয়নপত্র জমা পড়েছে।

মুকসুদপুরে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেন।

কাশিয়ানীতে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস-চেয়ারম্যান ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেন।

জামালপুরে ২ উপজেলায় ১৪

জামালপুরে দুই উপজেলায় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পাটি ও বিজেপি মিলে ১৪ জন চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

কিশোরগঞ্জের ৩ উপজেলায় ২১

কিশোরগঞ্জের করিমগঞ্জ, নিকলী ও বাজিতপুরে চেয়ারম্যান পদে ৭ জন করে মোট ২১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এছাড়া করিমগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন, নিকলী উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং বাজিতপুরে ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন মনোনয়নপত্র জমা দেন।

কুড়িগ্রামে জেলা জামায়াত আমিরসহ ২৩

কুড়িগ্রামের তিন উপজেলায় চেয়ারম্যান পদে জামায়াত-বিএনপিসহ বিভিন্ন দলের সমর্থিত ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে জেলা জামায়াতের আমিরসহ ২ জন এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছেন দুজন।

কুষ্টিয়ার ২ উপজেলায় ১৫

সদর ও ভেড়ামারা উপজেলায় ১৫ জন চেয়ারম্যান, ৯ জন ভাইস চেয়ারম্যান এবং ৬ জন সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মাগুরায় ২ উপজেলায় ২২

সদর ও শ্রীপুর উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এরমধ্যে রয়েছেন সদরে চেয়ারম্যান পদে ১৪, ভাইস চেয়ারম্যান পদে ১২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং শ্রীপুরে চেয়ারম্যান পদে ৮, ভাইস চেয়ারম্যান পদে ৭ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন।

নওগাঁয় ২ উপজেলার ১৫

নওগাঁর রানীনগর ও মহাদেবপুর উপজেলায় চেয়ারম্যান পদে  ১৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।

নরসিংদীর ২ উপজেলায় ২৭

পলাশ ও বেলাব উপজেলায় চেয়ারম্যান ২৭, ভাইস চেয়ারম্যান ১০ ও মহিলা

ভাইস চেয়ারম্যান পদে ৮ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

নাটোরের সিংড়ায় ৯

সিংড়া উপজেলায় আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, ওয়ার্কার্স পার্টি ও বিকল্প ধারার ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এরমধ্যে রয়েছেন আওয়ামী লীগের চার জন, বিএনপির দুইজন এবং জামায়াত, ওয়ার্কার্স পার্টি ও বিকল্প ধারার একজন করে।

নীলফামারীতে ৩ উপজেলায় ১৩

নীলফামারীর জলঢাকা, ডিমলা ও সৈয়দপুরে চেয়ারম্যান পদে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রংপুরে ৩ উপজেলায় ২১

তারাগঞ্জ, মিঠাপুকুর ও  পীরগঞ্জ উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৫৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

এরমধ্যে রয়েছেন চেয়ারম্যান পদে ২১ এবং পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩২ জন।

সাতক্ষীরার আশাশুনিতে ৯

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শরীয়তপুরে ৪ উপজেলায় ১৬

জাজিরা, ভেদরগঞ্জ, গোসাইরহাট ও ডামুড্যা উপজেলায় চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন মনোনয়ন দাখিল করেছেন।

সিরাজগঞ্জে ৪ উপজেলায় ২৭

চার উপজেলায় চেয়ারম্যান পদে ২৭, ভাইস চেয়ারম্যান পদে  ২৭ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এরমধ্যে রয়েছেন আওয়ামী লীগ সমর্থক ৯, বিএনপি সমর্থক ১১, জামায়াতের ২, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ১জন, জাসদ ১, জাপা (এরশাদ) ১ এবং ২ জন স্বতন্ত্র।