২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে স্বর্ণের বারসহ ভারতীয় শ্রমিক আটক

বেনাপোল চেকপোস্ট থেকে দুই কেজি ওজনের ২০টি স্বর্ণের বারসহ ভারতীয় এক শ্রমিককে আটক করেছে বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2014, 09:14 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

শনিবার সকালের চেকপোস্টের নোম্যান্সল্যান্ড এলাকা থেকে আটক আলী কদর (৩২)চেকপোস্টের বিপরীতে ভারতের জৈয়ন্তীপুর গ্রামের ফকির আহম্মেদের ছেলে।

যশোর ২৬ ব্যাটালিয়ন বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সুবেদার মোহাম্মাদ আব্দুল্লাহ জানান, পাসপোর্ট যাত্রীদের লাগেজ বহনকারী এক বাংলাদেশি শ্রমিক সকাল সাড়ে ১১টার দিকে স্বর্ণের বারগুলি ভারতে পাচারের জন্য নোম্যান্সল্যান্ডে নিয়ে যান।

অপেক্ষায় থাকা ভারতীয় শ্রমিক আলী কদর সেগুলি নোম্যান্সল্যান্ড থেকেই নিজের কাছে নেয়।

চেকপোস্টের ভারতীয় সীমান্তে দায়িত্ব পালনরত বিএসএফের এক সদস্য ঘটনাটি দেখে তাকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তবে এই স্বর্ণগুলি বাংলাদেশের কোথা থেকে এসেছে বা কে এগুলোর মালিক তা এখনও জানা যায়নি বলে জানান সুবেদার আব্দুল্লাহ।

কীভাবে সোনার চালানটি চেকপোস্ট পার হয়ে নো-ম্যান্সল্যান্ড এলাকায় ভারতীয় শ্রমিকের কাছে পৌঁছাল গোয়েন্দা সংস্থার লোকজন তা খতিয়ে দেখছে বলে জানান তিনি।