২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘টেস্ট স্ট্যাটাস’ কেড়ে নেয়ার প্রস্তাবের প্রতিবাদ চট্টগ্রামে

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে দেয়া তিন ‘মোড়লের’ খসড়া পরিকল্পনায় বাংলাদেশের ‘টেস্ট স্ট্যাটাস’ কেড়ে নেওয়ার প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের ক্রিকেটপ্রেমীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2014, 06:38 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

শনিবার বিকালে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের মূল ফটকের বাইরের সড়কে মানববন্ধনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান ক্রিকেটভক্তরা।

এতে প্রায় শ’খানেক মানুষ অংশ নেন, যাদের বেশির ভাগই বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

‘চট্টগ্রামের সচেতন ক্রিকেটপ্রেমীর’ ব্যানারে মানববন্ধনে বিভিন্ন প্ল্যাকার্ড ধরা ছিল অংশগ্রহণকারীদের হাতে।

ওগুলোতে লেখা ছিল- ‘আমাদের খেলা দরকার, টাকা নয়’, ‘বাংলাদেশের টেস্ট ক্রিকেট নিয়ে ষড়যন্ত্র বন্ধ কর’, ‘তিন মোড়লের মাতব্বরি মানব না’, ‘দিস ইজ ক্রিকেট নট বিজনেস’।

মানববন্ধন থেকে কোনো কর্মসূচি ঘোষণা করা না করলেও আইসিসি প্রস্তাব বাতিল না করলে কর্মসূচি দেয়া হবে বলে জানান আয়োজকরা।

আয়োজকদের একজন আবরার হাবিব সাজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশের সব শ্রেণিপেশার মানুষ ক্রিকেট ভালোবাসে। এটা আমাদের অস্তিত্বের অংশ।

“ক্রিকেট নিয়ে কোনো ষড়যন্ত্র আমরা মেনে নেব না। এটা আমাদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ।”

তিন মোড়লের দেয়া প্রস্তাবের বিরুদ্ধে লড়ার ঘোষণা দেয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়ে আরেক আয়োজক জুয়েল চৌধুরী বলেন, “আমরা বিসিবির সাথে আছি।

“যে কোনো মূল্যে আমরা বাংলাদেশের টেস্ট খেলার অধিকার রক্ষা করতে চাই।”

আগামী ২৭ থেকে ২৯ জানুয়ারি দুবাইয়ে অনুষ্ঠেয় আইসিসির সভায় ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রণে থাকা ফিন্যান্স অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্স কমিটির একটি ‘ওয়ার্কিং গ্রুপের’ তৈরি এই খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা।

এই প্রস্তাবে আইসিসির রাজস্ব বণ্টন মডেল, প্রশাসনিক কাঠামো ও ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করা হয়েছে।

ওই পরিকল্পনা বাস্তবায়িত হলে কমপক্ষে আগামী চার বছর টেস্ট খেলার সুযোগ থাকবে না বাংলাদেশের। পাশাপাশি র‌্যাঙ্কিংয়ের ৯ ও ১০ নম্বর দেশকে কন্টিনেন্টাল কাপে খেলানোর প্রস্তাব রাখা হয়েছে।