২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বাসের সংঘর্ষে নিহত ৪

ফরিদপুরের মধুখালী উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ চারজন  নিহত হয়েছেন। আহত হন দুই বাসের অন্তত ৩৩ জন যাত্রী।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2014, 06:22 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

শনিবার ঢাকা-খুলনা মহাসড়কের ব্রাক্ষণকান্দা এলাকায় এ দুর্ঘটনায় হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

মধুখালী থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী একটি বাসের সঙ্গে ঝিনাইদহের শৈলকুপা থেকে  ফরিদপুরের আটরশির বিশ্বজাকের মঞ্জিলগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে দুই বাসের চালক নিহত হন। হাসপাতালে নেয়ার পর আরো দুজনের মৃত্যু হয়।

ওসি বলেন, আহতদের মধ্যে ২৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বাকিরা মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এদের সবার বাড়ি শৈলকুপা উপজেলায় বলে জানান ওসি।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. রতন সাহা জানান, ২৫ জনকে হাসপাতালে ভর্তি করানোর পর দুজনের মৃত্যু হয়।