ভোলা-লক্ষীপুর রুটে ফেরি চলাচল ব্যাহত
ডুবোচর আর ফেরি স্বল্পতার কারণে ভোলা-লক্ষীপুর রুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে দুদিকে ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে গেছে।
বিআইডব্লিউটিসির ইলিশ ফেরি ঘাটের ইনচার্জ মো. সিহাব উদ্দিন জানান, মেঘনা নদীর এ রুটটি চালু হওয়ার পর থেকে এখানে দুটি ফেরি চলাচল করে আসছিল।
যাত্রীদের সুবিধার্থে চলতি মাসের ১৯ জানুয়ারি কাকলী নামের আরেকটি ফেরি দিলেও মাত্র ৪দিন পর কোন নোটিশ না দিয়েই বুধবার থেকে বিআইডব্লিউটিএ ফেরিটি নিয়ে যায়। এতে হঠাৎ করেই যানবাহনের চাপ বেড়ে যায়।
গুরুত্বপূর্ণ এ রুটে স্বাভাবিকভাবে পারাপারের জন্য আরো দুটি ফেরি প্রয়োজন থাকলেও চলছে মাত্র দুটি।
সিহাব উদ্দিন আরো জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘাটের সমস্যার কথা লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে। তারা দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।
পারাপারের অপেক্ষায় থাকা ট্রাক চালক মোকাম্মেল জানান, “বুধবার ঘাটে এসেছি, চট্রগ্রাম যাব। কিন্তু দুদিন ধরে ঘাটেই অপেক্ষা করছি, গন্তব্যে যেতে পারছি না।”
শ্রমিক সাফিজল বলেন, ট্রাকে কাচামাল রয়েছে। নির্ধারিত সময়ে যেতে না পারলে তা নষ্ট হয়ে যাবে। কিন্তু ফেরিঘাটে সিরিয়াল পাচ্ছেন না তারা।
বাস চালক আবুল কাসেম জানান, কয়েকদিন থেকে ফেরিঘাটে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। ফেরির ট্রিপ কমে যাওয়ায় পারাপার সময়মতো হচ্ছে না। তাই ঘাটে দীর্ঘ লাইন হয়েছে।
