সাম্প্রদায়িক হামলার পুনরাবৃত্তি রোধে পদক্ষেপ চান সেক্টর কমান্ডাররা
দশম জাতীয় সংসদ নির্বাচনের পর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক হামলার পুনরাবৃত্তি রোধে নির্বাচন কমিশন ও সরকারকে বিশেষ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম।
শনিবার রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান সংগঠনের নেতাকর্মীরা।
একইসঙ্গে নির্বাচনে স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক-জঙ্গিগোষ্ঠী ও তাদের নেতাকর্মী-সমর্থকদের ভোট না দেয়ার আহ্বানও জানান তারা।
সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান এ কে খন্দকার বলেন, “গত ৫ জানুয়ারির নির্বাচনে সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে যথাযথভাবে কাজ করতে পারেনি। উপজেলা নির্বাচনে তা নিশ্চিত করতে হবে।
“সংখ্যালঘুদের ওপর হামলা রোধে ও নিরাপত্তা নিশ্চিত করতে ভোটকেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিতে হবে এবং তাদের (সংখ্যালঘুদের) বোঝাতে হবে যে ভোট দিতে ভয় নেই।”
এর আগে লিখিত বক্তব্যে সংখ্যালঘুদের ওপর হামলা রোধে করণীয় বিষয়ে সাতটি সুপারিশ তুলে ধরেন সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব হারুন হাবিব।
সুপারিশে বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের দ্রত বিচার ট্রাইবুনালে বিচার করে শাস্তি দেয়ার কথা বলা হয়।
সন্ত্রস্ত সংখ্যালঘুদের আস্থা ফিরিয়ে আনতে সব রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা এবং ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনের পর সংখ্যালঘু নির্যাতনের ঘটনা তদন্তে গঠিত কমিশনের প্রতিবেদন প্রকাশ করে দোষীদের শাস্তি দেওয়ার সুপারিশ করা হয়েছে।
সাম্প্রদায়িক হামলা রোধে ব্যর্থ স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে কঠোর প্রশানিক ব্যবস্থা নেওয়া, মসজিদের মাইকের অপব্যবহার রোধে মসজিদ কমিটিগুলোর জবাবদিহিতা নিশ্চিত করা এবং অবিলম্বে স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামসহ তার অঙ্গ সংগঠনগুলোকে যুদ্ধাপরাধী ও সন্ত্রাসী দলগোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করা।
লিখিত বক্তব্যে হারুন হাবিব বলেন, “আমরা বিশ্বাস করি এই সুপারিশগুলো বাস্তবায়িত হলে ধর্মীয় সংখ্যালঘুদের মনে নিরাপত্তা পুনরুদ্ধার এবং হামলাকারীদের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।”
সংবাদ সম্মেলন থেকে আগামী ৯ মার্চ ঢাকায় ‘সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ বিরোধী জাতীয় সম্মেলন করার ঘোষণাও দেয়া হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি সেক্টর কমান্ডার কে এম শফিউল্লাহ, সি আর দত্ত ও আবু ওসমান চৌধুরী।
