২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের লুট হওয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পুলিশকে কুপিয়ে ছিনিয়ে নেয়া অস্ত্র ও ওয়াটকি উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2014, 05:26 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

সোনারগাঁও থানার ওসি আতিকুর রহমান জানান, শুক্রবার গভীর রাতে শর্টগান এবং শনিবার সকালে ওয়াকিটকি উদ্ধার  করা হয়। এ সময় পুলিশের উপর হামলা ও অস্ত্র লুটে জড়িত অভিযোগে নয়জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার ফতেহপুরে আসামি ধরতে গেলে এক পুলিশকে কুপিয়ে একটি শটগান এবং একটি ওয়াকিটকি ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

ওসি আতিকুর রহমান জানান, উপজেলার সনমান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতান বিল্লাল হোসেনের সঙ্গে একই এলাকার আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে। এর জেরে শুক্রবার সন্ধ্যায় সনমান্দির দড়িকান্দি ফতেপুর গ্রামে দুপক্ষের লোকজনের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।

এই ঘটনায় সোনারগাঁও থানার এস আই শরিফুল আলম ও নাসির উদ্দিনের নেতৃত্বে পুলিশ শুক্রবার রাতে দড়িকান্দি ফতেপুর এলাকায় তদন্ত করতে যায়। এ সময় বিল্লাল হোসেনের লোকজন পুলিশকে ধাওয়া করে কনস্টেবল শাহজাহান ও আল আমিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্বকভাবে জখম করে এবং আল আমিনের কাছ থেকে শটগান ও ওয়ারল্যাস সেট ছিনিয়ে নেয়।

পরে গুরুতর আহত দুই কনস্টেবলকে সোনারগাঁও থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে অস্ত্র লুটের পর পরই পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার রাত ২টার দিকে পরিত্যক্ত অবস্থায় ফতেহপুর গ্রাম থেকে ছিনিয়ে নেয়া শটগান এবং শনিবার সকালে ওয়াকিটকিটি উদ্ধার করে।

পুলিশের উপর হামলা ও অস্ত্র লুটের ঘটনায় জড়িত অভিযোগে আটক নয় জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও ওসি আতিকুর রহমান জানান।